চীনা কোম্পানিকে ১৮ মাসে কারখানা স্থাপনের চ্যালেঞ্জ দিলেন প্রধানমন্ত্রী
চীনা কোম্পানিকে ১৮ মাসে কারখানা স্থাপনের চ্যালেঞ্জ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের একটি কোম্পানিকে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে প্রকল্প করতে ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা স্থাপনের চ্যালেঞ্জ দিয়েছেন। কোম্পানিটি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১৮ মাসের চ্যালেঞ্জ ও অগ্রগতি

আশিক চৌধুরী জানান, কোম্পানিটিকে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, প্রকল্প করতে তাদের ৭ বছর সময় লাগতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী তাদের ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা স্থাপনের চ্যালেঞ্জ দেন, যা তারা গ্রহণ করে। কোম্পানিটি আগামী মাসে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজের আনুষ্ঠানিক সূচনা (গ্রাউন্ড ব্রেকিং) করার সম্মতি দিয়েছে।

তিনি বলেন, ‘এই জোন নিয়ে আলোচনা শুরু হয়েছিল ১০ বছর আগে। কিন্তু এই ১০ বছরে তেমন কোনো অগ্রগতি হয়নি। গত কয়েক মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, আগামী ১৮ মাসের মধ্যেই অন্তত একটি প্রকল্পে নির্মাণকাজ ও উৎপাদনের দিকে অগ্রগতি দেখা যাবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চীনা কোম্পানির বিনিয়োগ প্রস্তাব

আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের দুটি বড় কোম্পানির প্রতিনিধিদের সাইডলাইনে পৃথক বৈঠক হয়েছে। এসব বৈঠকে তারা বাংলাদেশে নতুন কয়েকটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে নিজেদের অর্থায়নে একটি ‘গ্রিন সিটি’ নির্মাণের প্রস্তাবও রয়েছে।

তিনি বলেন, ‘এ ধরনের আরও কয়েকটি বড় বিনিয়োগের ধারণা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কীভাবে দ্রুত নীতিগত সহায়তা দেওয়া যায় এবং বাংলাদেশে বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা যায়। এ বিষয়ে বিডাকে প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চীনা অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দর

বিডা চেয়ারম্যান বলেন, আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে এবার চুক্তি সই হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রকল্পটি একনেকের অনুমোদন পেয়েছে। তিনি জানান, একই সঙ্গে মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে, যেখানে একটি চীনা কোম্পানি জেটি নির্মাণ করছে, সেই জেটির পাশে প্রায় ১৫০ একর জমিতে একটি চীনা শিল্পপার্ক গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।