ফক্সভাগেনের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন: ১ লাখ কর্মী ছাঁটাই ও ৪ কারখানা বন্ধের পরিকল্পনা
ফক্সভাগেনের বড় পুনর্গঠন: ১ লাখ কর্মী ছাঁটাই ও ৪ কারখানা বন্ধের পরিকল্পনা

জার্মান গাড়ি কোম্পানি ফক্সভাগেন বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা করছে, যার মধ্যে জার্মানিতে চারটি কারখানা বন্ধ ও কর্মী ছাঁটাই এক লাখে উন্নীত করার কথা রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হতে পারে গাড়িশিল্পের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠনের নজির।

পরিকল্পনার বিবরণ

সূত্রগুলো বলছে, ফক্সভাগেনের তদারকি পর্ষদের সদস্যদের এ পরিকল্পনার বিষয়ে জানানো হয়েছে। আগামী ৯ জুলাইয়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী, জার্মানির হ্যানোভার, জিভকাউ, এমডেন ও আউডির কারখানা বন্ধ হতে পারে। এতে ৪৫ হাজারের বেশি মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। এর সঙ্গে আগে ঘোষিত ৫০ হাজার কর্মী ছাঁটাই হলে মোট সংখ্যা এক লাখে পৌঁছাতে পারে।

পুনর্গঠনের কারণ

চীনা প্রতিদ্বন্দ্বীদের বাড়তি চাপ, যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে উচ্চ শুল্ক ও ইউরোপে চাহিদা কমে যাওয়ার মধ্যে কোম্পানিটি এ পদক্ষেপের কথা ভাবছে। ফক্সভাগেন আগেই বলেছিল, বর্তমান পরিস্থিতিতে তাদের ব্যবসায়িক মডেল টেকসই নয়। বিশ্লেষকেরা বলছেন, চীনা প্রতিদ্বন্দ্বীদের উত্থানে ফক্সভাগেন এখন সবচেয়ে বড় চাপে আছে। বিশেষ করে চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি দ্রুত বাজার দখল করছে। পরামর্শক প্রতিষ্ঠান অ্যালিক্স পার্টনার্সের তথ্য অনুযায়ী, চীনের বাজারে বিদেশি গাড়ি কোম্পানিগুলোর অংশীদারত্ব ২০২০ সালে ছিল ৫৭ শতাংশ, ২০২৫ সালে তা কমে ৩২ শতাংশে নেমেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেয়ারবাজারে প্রভাব

গত শুক্রবার শেয়ারবাজারে ফক্সভাগেনের শেয়ারদর ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এতে বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীদের একাংশ এ পরিকল্পনার সফলতা নিয়ে সন্দিহান। ফক্সভাগেনের অন্যতম শেয়ারধারী ডেকাব্যাংকের প্রতিনিধি ইঙ্গো স্পাইখ বলেন, ‘উচ্চ ব্যয় মূল সমস্যা নয়, এটি কেবল উপসর্গ। মূল সমস্যা হলো বিক্রি কমে যাওয়া; বাজারে চাহিদা আছে—এমন আকর্ষণীয় পণ্য আনতে পারলে ব্যয় নিয়ে বিতর্কও কমে যাবে।’

প্রতিবাদ ও বিরোধিতা

ফক্সভাগেনের ওয়ার্কস কাউন্সিল ও জার্মানির শক্তিশালী শ্রমিক ইউনিয়ন আইজি মেটাল যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করা হলে তারা সেটা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করবে। লোয়ার স্যাক্সনি রাজ্য সরকারও পরিকল্পনার বিরোধিতা করেছে। ফক্সভাগেনের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার পোরশে এসই এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

পুনর্গঠনের প্রেক্ষাপট

২০২৫ অর্থবছরে বিশ্বজুড়ে ফক্সভাগেন গ্রুপে কর্মীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৭ হাজার ১৬৪। এর মধ্যে প্রায় ৪৩ শতাংশই জার্মানিতে কর্মরত। এর আগেও ২০২৪ সালে জার্মানিতে কারখানা বন্ধের উদ্যোগ নিয়েছিলেন ব্লুমে। তবে শ্রমিক ইউনিয়নের তীব্র বিরোধিতার মুখে তখন পিছু হটতে হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা

জার্মান সাময়িকী ম্যানেজার ম্যাগাজিন প্রথম এ পুনর্গঠনের খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরে ফক্সভাগেন তাদের বিনিয়োগ প্রায় ১৫ শতাংশ হ্রাস করবে। ফলে তাদের বিনিয়োগের পরিমাণ হবে ১৩০ বিলিয়ন বা ১৩ হাজার কোটি ইউরোর কিছু বেশি। সাময়িকীটির তথ্য অনুযায়ী, ব্লুমে ও প্রধান অর্থ কর্মকর্তা আর্নো আন্টলিৎস ৮৯ বছর পুরোনো কোম্পানির আদ্যোপান্ত ঢেলে সাজাতে চান। এর মধ্যে মূল ফক্সভাগেন ব্র্যান্ড ও যন্ত্রাংশ ব্যবসা আলাদা কোম্পানিতে রূপ দেওয়ার পরিকল্পনাও আছে।