ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিমি যানজট, দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিমি যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে এই যানজট চলছে, যাতে দীর্ঘ সময় আটকে পড়ে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

দুর্ঘটনার কারণে যানজট

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, গভীর রাতে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের দুর্ঘটনার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে থানা-পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যাত্রীদের দুর্ভোগ

তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক তাপস চন্দ্র সাহা বলেন, তিনি সকালে ঢাকা থেকে বাসে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়েন। পরে ছয় কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তার দুই ঘণ্টা সময় লেগেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসের চালক মাইনউদ্দিন বলেন, ঢাকা থেকে ভোরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে দাউদকান্দির হাসানপুর এলাকায় যানজটে আটকা পড়েন। যানজট ঠেলতে ঠেলতে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ছয় কিলোমিটার পাড়ি দিয়েছেন।

পরীক্ষার্থীদের উদ্বেগ

বরকোটা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তানজিনা আক্তার ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাইম বলেন, তাদের কেন্দ্র ১০ কিলোমিটার দূরে ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে। সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের গৌরীপুর এলাকায় পৌঁছে যানজট দেখে যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন তারা।

পুলিশের কার্যক্রম

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, যানজট নিরসনে হাইওয়ে থানা-পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ