ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ২০২৫ সালের জন্য ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন শেয়ারধারীরা। সম্প্রতি অনলাইনে আয়োজিত কোম্পানিটির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএটিবি।
সভায় উপস্থিতি ও সভাপতিত্ব
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন বিএটিবির চেয়ারম্যান ওয়াইল সাবরা। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, মেলিতা মেহজাবিন ও রূপালী হক চৌধুরী। আরও ছিলেন পরিচালক জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা। এ ছাড়া সভায় আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, আর্থিক পরিচালক (ফাইন্যান্স ডিরেক্টর) নিরালা সিং, বাণিজ্যিক পরিচালক (কমার্শিয়াল ডিরেক্টর) নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।
রাজস্ব ও করদাতার অবস্থান
বিএটিবির পক্ষ থেকে জানানো হয়, গত বছর কোম্পানিটি মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক ও অন্যান্য কর মিলিয়ে সরকারকে মোট ৩৯ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব দিয়েছে। এতে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারধারী উপস্থিত ছিলেন। তাঁরা গত বছরের জন্য ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়। সভায় সবার সম্মতিতে সংবিধিবদ্ধ ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগও অনুমোদন করা হয়। এ ছাড়া সভায় পরিচালনা পর্ষদের নির্বাচন ও প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীও অনুমোদিত হয়।



