ডাবল ডিজিটের সুদের হার কমিয়ে তা বিনিয়োগবান্ধব পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চ সুদের হার শিল্প ও বিনিয়োগ প্রবৃদ্ধির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শ্রমনির্ভর খাতগুলো এর কারণে মারাত্মক চাপের মুখে রয়েছে।
বিটিকেজি এক্সপো-২০২৬ উদ্বোধন
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশনের (বিটিকেজি এক্সপো-২০২৬)’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
শ্রমঘন শিল্পে উচ্চ সুদের হার চ্যালেঞ্জ
মন্ত্রী বলেন, দুই অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে টেক্সটাইলের মতো শ্রমঘন ও কম মুনাফার শিল্প টিকে থাকা সম্ভব নয়। এই বাস্তবতা আমরা উপলব্ধি করছি। তাই বিনিয়োগ ও চলমান ব্যবসার প্রবৃদ্ধি সহায়ক এমন সুদের হার নিশ্চিত করতে কাজ করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে শিল্প খাতের প্রধান সংকটগুলোর মধ্যে রয়েছে জ্বালানি ঘাটতি ও উচ্চ সুদহার। ১৩ থেকে ১৪ শতাংশ তহবিল ব্যয়ে টেক্সটাইল বা এ ধরনের শিল্প টিকে থাকা কঠিন। এই ধরনের উচ্চ ব্যয় মূলধনী বা উচ্চ প্রযুক্তিনির্ভর খাতে সহনীয় হলেও শ্রমঘন শিল্পে তা বাস্তবসম্মত নয়।
জ্বালানি ঘাটতি ও সমাধান পরিকল্পনা
জ্বালানি পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিদিন চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহে বড় ঘাটতি রয়েছে। বর্তমান চাহিদা প্রায় ৪৩০০ এমএমসিএফডি হলেও দেশীয় উৎস থেকে আসে ১৭০০ থেকে ২৩০০ এমএমসিএফডি এবং এলএনজি মিলিয়ে মোট সরবরাহ প্রায় ৯০০ এমএমসিএফডি। ফলে উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গেছে। তিনি জানান, এলএনজি আমদানি বাড়ানো ও ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ব্যবসা সহজ করতে উদ্যোগ
ব্যবসা সহজ করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নতুন বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে ২৫ থেকে ২৬টি লাইসেন্স ও অনুমোদন নিতে দীর্ঘ সময় লাগে। আগামীতে আবেদন করার সঙ্গেই প্রাথমিক অনুমোদন বা প্রভিশনাল লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে বিনিয়োগকারী দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন। তিনি আরও বলেন, বন্ড লাইসেন্সের নবায়ন প্রক্রিয়াও সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে।
প্রদর্শনীর বিবরণ
এবারের বিটিকেজি এক্সপোতে বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের প্রায় ৯০০ প্রদর্শক অংশ নিচ্ছেন। মোট ১২০০টি বুথ নিয়ে প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে চীন, ভারত, জাপান, তুরস্ক, ভিয়েতনাম, কানাডা, ফ্রান্সসহ বিভিন্ন দেশের আধুনিক টেক্সটাইল প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হচ্ছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— প্রদর্শনীর আহ্বায়ক ফজলে শামীম এহসান, ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের নির্বাহী পরিচালক স্পেন্সার লিন এবং বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ রাশেদ। চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী ২ মে পর্যন্ত চলবে।



