মাধবপুর-চুনারুঘাটের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ চাইলেন এমপি ফয়সল
মাধবপুর-চুনারুঘাটের উন্নয়নে ১০০ কোটি টাকা চাইলেন এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে প্রায় ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনকল্যাণ ও এলাকার উন্নয়নের স্বার্থে এসব প্রকল্প অনুমোদন করবে।

মতবিনিময় সভায় বক্তব্য

সোমবার সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি ফয়সল বলেন, বরাদ্দ পাওয়া গেলে এলাকার মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত খাতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করছে।

অবহেলিত খাত ও ভবিষ্যৎ পরিকল্পনা

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ফলে অনেক গুরুত্বপূর্ণ খাত অবহেলিত ছিল এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে মাধবপুর ও চুনারুঘাটের মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা রয়েছে। জনগণের চাহিদা পূরণ এবং এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংসদ সদস্য বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে উন্নয়ন প্রকল্প আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। গত তিন মাসে সরকারের পক্ষ থেকে দেওয়া বরাদ্দ প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চা-বাগান অধ্যুষিত এলাকার জন্য বিশেষ প্রকল্প

চা-বাগান অধ্যুষিত এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন অর্থবছরে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি পেলে আরও ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।

ব্যবসায়ীদের দাবি ও এমপির আশ্বাস

সভায় স্থানীয় ব্যবসায়ীরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবিদাওয়া তুলে ধরেন। এ সময় এমপি ফয়সল তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি গত তিন মাসে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

পরে নোয়াপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এমবি ফার্নিচারের মালিকের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ এক লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি।

উপস্থিত ব্যক্তিবর্গ

সভায় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ, স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।