গৌরনদীতে ৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৫
গৌরনদীতে ৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৫

বরিশালের গৌরনদীতে গত পাঁচ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় পথচারীসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। মঙ্গলবার (২৬ মে) থেকে শনিবার (৩০ মে) পর্যন্ত ঈদের ছুটির পাঁচ দিনে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনা: একই পরিবারের তিনজন নিহত

গত মঙ্গলবার দুপুরে বাটাজোর এলাকায় বরিশালগামী তাজ সুপার সার্ভিস পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হন। তারা হলেন—উজিরপুর উপজেলা সদরের হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩২), তার স্ত্রী মনিরা খাতুন (২৮) এবং তাদের চার বছর বয়সি মেয়ে অজিহা জান্নাত।

ফিরোজ হাওলাদার স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি উজিরপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাটাজোর এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়েন। এ সময় পেছন থেকে তাজ সুপার সার্ভিস পরিবহণের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। এ সময় বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে প্রায় ২০০ যানবাহন আটকা পড়ে এবং কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। পরে বাসটি জব্দ করা হয়।

দ্বিতীয় দুর্ঘটনা: পথচারী নিহত

একই দিন সকাল ৯টার দিকে দশমিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বার্থী বাসস্ট্যান্ড এলাকার একটি দুধের বাজারে ঢুকে পড়ে। এতে পথচারী তারাকুপি গ্রামের মৃত আলম চৌকিদারের ছেলে জাহাঙ্গীর চৌকিদার (৬০) নিহত হন। এ ঘটনায় আরও চার পথচারী আহত হন।

তৃতীয় দুর্ঘটনা: আরেক পথচারী নিহত

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী মোসা. হাসিনা (৫৫) নিহত হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চতুর্থ দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী নিহত

শনিবার বিকাল পৌনে ৬টার দিকে সুন্দরদী এলাকার নীলখোলা পান আড়ত এলাকায় ঢাকাগামী লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহ আলম (৩৯) নিহত হন। তিনি উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী স্বাধীন কাওছার (২০) গুরুতর আহত হন।

পুলিশের বক্তব্য

ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন। তিনি জানান, ঈদুল আজহার ছুটিতে গৌরনদীতে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।