যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে বাংলাদেশে একটি মহিষের নামকরণের পর সেটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখন সেই আলোচনা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিক্রিয়া
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের শিরোনামে লিখেছে ‘বাংলাদেশে ট্রাম্প ও নেতানিয়াহু মহিষ দেখতে মানুষের ভিড়।’ থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট লিখেছে, ‘বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ভাইরাল।’ জর্ডানের রয়া নিউজ লিখেছে, ‘বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ নজর কেড়েছে সবার।’ ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘ঈদের আগে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ।’ যুক্তরাষ্ট্রের এমএসএন তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মতো দেখতে মহিষ নজর কেড়েছে সবার।’
কেন ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষ
প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি শুধু নামই নয়, এটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলও অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। এরপর সেখানে অনেকে এটিকে দেখতে ভিড় জমান।



