নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুখোশধারী ডাকাতদলের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় ও আটক
নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ উজ্জ্বল নামের একজনকে আটক করেছে। ঘটনার পর থেকে পুরো মুক্তিশপুর এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিশপুর এলাকায় সুতা ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বুধবার মধ্যরাতে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতদলের এক সদস্য ব্যবসায়ী নজরুল ইসলামকে তার নাম ধরে ডাকাডাকি শুরু করেন। ব্যবসায়ী নজরুল ইসলাম ঘুম থেকে উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাকাতদল তার ওপর ঝাপিয়ে পড়ে ও হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ডাকাতদল তাকে পিটিয়ে হত্যা করে। এ সময় নজরুলের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে ডাকাতদল তাকেও পিটিয়ে আহত করে।
পরে ডাকাতদল বাড়ির আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্ত্রীর বক্তব্য
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, ডাকাতদের চিনে ফেলায় তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশের তদন্ত
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



