আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটে দাম গত বছরের তুলনায় দুই টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার।
বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সংক্রান্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এবার কোরবানির চামড়ার মূল্য নির্ধারণে গত বছরের তুলনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যাতে চামড়া ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পান এবং চামড়া নষ্ট না হয়।
নতুন মূল্য তালিকা
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
এদিকে, খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়ার এ মূল্য সারাদেশে একই থাকবে।
চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ
চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “এবার সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করবে। এসব লবণ ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসাগুলোতে সরবরাহ করা হবে, যাতে কোরবানির পর দ্রুত চামড়া সংরক্ষণ করা যায়।”
চামড়া সংরক্ষণে দক্ষতা বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, “কোরবানির পর যাতে কোনও চামড়া নষ্ট না হয়, সে লক্ষ্যেই সরকার সমন্বিতভাবে কাজ করছে।”
সরকারের এই উদ্যোগের ফলে চামড়া ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং চামড়া রপ্তানিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।



