দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ৩২ লাখ, জানালেন অর্থমন্ত্রী
দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ৩২ লাখ, জানালেন অর্থমন্ত্রী

বাংলাদেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বজেট অধিবেশনের ১৪তম দিনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

সঞ্চয়ী ও ঋণ হিসাবের সংখ্যা

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, মোট সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং মোট ঋণ হিসাবের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি।

সংসদ সদস্যের প্রশ্ন

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ তার লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, সারাদেশে কত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের অ্যাকাউন্ট নেই তাদের অ্যাকাউন্ট করানোর কোনো পরিকল্পনা আছে কিনা। তিনি আরও জানতে চান, পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়িত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল

অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের মধ্যে ১০০ ভাগ প্রাপ্তবয়স্ক নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সরকার ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস)’ প্রণয়ন করেছে। বর্তমানে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ। এই হার নির্ধারণ করা হয়েছে সরকার অনুমোদিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন— ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, বীমা, শেয়ার বাজার, ক্ষুদ্রঋণ সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিচালিত হিসাব সংখ্যার ভিত্তিতে।

এনএফআইএস–২ প্রণয়নের উদ্যোগ

এনএফআইএস’র বাস্তবায়ন সময়সীমা জুন ২০২৬-এ শেষ হবে। তাই আর্থিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মতামত ও প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ১০০ ভাগে উন্নীত করার লক্ষ্যে এনএফআইএস’র দ্বিতীয় পর্যায় অর্থাৎ জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল ২ (এনএফআইএস ২) জুন ২০২৬ থেকে জুলাই ২০৩১ সময়কালের জন্য প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ