সেবার মান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের মাসিক পর্যালোচনা সভা
সেবার মান বাড়াতে মাসিক পর্যালোচনা সভা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা অফিসে সেবার মান আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন গভর্নর। এই লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগ ও শাখা অফিসের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এর অংশ হিসেবে রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সভাপতিত্বে প্রথম মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

পরিসংখ্যানে সেবার অগ্রগতি

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মোট ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি বিভাগ-শাখা অফিস নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ কাজ সময়মতো সম্পন্ন করেছে। এছাড়া ৩২টি বিভাগ ও শাখা অফিস তাদের ৯০ শতাংশ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে। ১১টি বিভাগ-শাখা অফিস ৮০ থেকে ৮৯ শতাংশ এবং বাকি ৬টি বিভাগ-শাখা অফিস ৬৭ থেকে ৭৯ শতাংশ কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করেছে বলে সভায় জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় গভর্নর বলেন, “বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি জড়িত। তাই সেবার মানোন্নয়ন ও কার্যক্রমে গতি আনতে সার্ভিস স্ট্যান্ডার্ড কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে যেসব বিভাগ ও শাখা অফিস নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারেনি, তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ সহায়তা দেবে বলেও আশ্বাস দেন গভর্নর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এখন থেকে প্রতি মাসে এই ধরনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সার্ভিস স্ট্যান্ডার্ড বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।