চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট কর ফাঁকির অভিযোগে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা আলী আক্কাস।
অভিযানের বিবরণ
চট্টগ্রাম ভ্যাট অফিস জানায়, চট্টগ্রামে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটিতে ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অভিযান চালান। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও দলিলপত্র জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো পর্যালোচনা করে কর ফাঁকির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযোগ ও তদন্ত
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। তদন্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির দালিলিক প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়, যার ভিত্তিতেই মামলা করা হয়েছে।
রাজস্ব বিভাগের তথ্যমতে, চট্টগ্রামে প্রতিষ্ঠানটির ১৬টি কার্যালয় ও হাব রয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠান এত বছর ভ্যাট নিবন্ধন না করেই ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার চিঠি দেওয়ার পরও নিবন্ধন না নেওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে তাদের বাধ্যতামূলক (ফোর্সড) নিবন্ধন দেওয়া হয় এবং বর্তমানে তাদের বিরুদ্ধে অডিট কার্যক্রম চলছে।
সারাদেশে অনুসন্ধান
চট্টগ্রাম ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা আলী আক্কাস বলেন, “শুধু চট্টগ্রামে যদি ১ কোটি ১৫ লাখ টাকার ভ্যাট ফাঁকি আসে তবে এদের তো রাজধানী ঢাকাসহ সারাদেশে অসংখ্য শাখা রয়েছে। এগুলোতে খোঁজ করলে বড় ধরনের ভ্যাট ফাঁকির প্রমাণ আসবে। আমরা সারাদেশেই স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের ভ্যাট ফাঁকির ব্যাপারে অনুসন্ধান শুরু করেছি।”



