আইএফআইসি ব্যাংক পিএলসি তাদের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের লোগো উন্মোচন এবং একটি স্লোগান ঘোষণা করেছে, যা শরিয়াহ-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরও সুসংহত এবং গ্রাহক সেবা উন্নত করতে সহায়তা করবে।
পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ও সার্ভিস ডেস্ক উদ্বোধন
সহজ, দ্রুত এবং আরও কার্যকর সেবা নিশ্চিত করতে ব্যাংকটি একযোগে দেশের বিভিন্ন স্থানে পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং ইসলামিক ব্যাংকিং সার্ভিস ডেস্ক চালু করেছে।
২০২৬ সালের ২৭ এপ্রিল সোমবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি লোগো উন্মোচন ও ‘শুদ্ধতা ও বরকতের সমন্বয়’ স্লোগান ঘোষণা করেন এবং ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে ইসলামিক ব্যাংকিং সার্ভিস ডেস্কের কার্যক্রম উদ্বোধন করেন।
ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগ ও শাখার প্রধান এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৈয়দ মনসুর মুস্তফা বলেন, ‘আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতির অংশ হিসেবে লোগো, স্লোগান ও সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী এবং চাহিদাভিত্তিক পণ্য বাজারে আনা হবে।’
প্রধান অতিথি মো. মাহমুদ হোসেন বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা ও প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। আইএফআইসি ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে তরুণরা এই খাতের সম্প্রসারণে চালিকাশক্তি হবে। আমাদের লক্ষ্য সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের দক্ষতা আরও শক্তিশালী করা এবং গ্রাহকবান্ধব সেবার গুণগত মান নিশ্চিত করা।’
ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



