আলজেরিয়াকে সমীহ করে সতর্ক থাকার বার্তা স্কালোনির
আলজেরিয়াকে সমীহ করে সতর্ক স্কালোনি

কানসাস সিটি স্টেডিয়ামে উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন শুধু কোচ লিওনেল স্কালোনি, লিওনেল মেসি ছিলেন না। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের আগে মেসিকে ঘিরে সংবাদকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, কিন্তু এবার সেটি দেখা যায়নি।

প্রতিপক্ষ নিয়ে পড়াশোনা

স্কালোনি জানান, প্রতিপক্ষ আলজেরিয়া নিয়ে তিনি ভালোভাবেই পড়াশোনা করেছেন। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের অভিজ্ঞতা তার মনে গেঁথে আছে। আফ্রিকার দল আলজেরিয়াকে মরক্কোর সমকক্ষ উল্লেখ করে তিনি বলেন, ‘আলজেরিয়া অনেকটা মরক্কোর মতোই ভালো দল। তাদের দারুণ সব খেলোয়াড় এবং একজন ভালো কোচ রয়েছে। ব্রাজিল-মরক্কো ম্যাচটি এর একটি ভালো উদাহরণ। আমরা এরই মধ্যে স্পেনের খেলাও দেখেছি। এই টুর্নামেন্টে আসলে কোনও সহজ প্রতিপক্ষ নেই। আলজেরিয়া আমাদের চিন্তার কারণ, কারণ তারা একটি দুর্দান্ত দল।’

প্রথম ম্যাচের গুরুত্ব

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপের অভিজ্ঞতা আছে, প্রথম ম্যাচটিই চূড়ান্ত কিছু নয়। আমরা শান্ত আছি এবং ভালো ফর্ম নিয়েই মাঠে নামছি। নিজেদের লক্ষ্যে মনোযোগী আছি। এটি কেবলই একটি ফুটবল ম্যাচ। গত বিশ্বকাপ থেকেই আমাদের সেই অভিজ্ঞতা আছে যে, প্রথম ম্যাচটিই সবকিছু নির্ধারণ করে দেয় না। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, তবে উদ্বোধনী ম্যাচ দিয়েই সবকিছু শেষ হয়ে যায় না। আমরা ভালো অবস্থানে আছি, আমাদের আত্মবিশ্বাস রয়েছে এবং আমরা দারুণ একটা মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজের মধ্যে পরিবর্তন নেই

গত বিশ্বকাপ জয়ের পরও নিজের মধ্যে কোনও পরিবর্তন আসেনি বলে জানান আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আমি প্রথম যেদিন দায়িত্ব নিয়েছিলাম, আজও ঠিক তেমনই আছি। কেউ সমালোচনা করায় কিংবা কোনও টুর্নামেন্ট জেতার কারণে আমার মধ্যে কোনও পরিবর্তন আসেনি। নিজের দায়বদ্ধতা এবং অনুভূতির দিক থেকে আমি ঠিক আগের মতোই আছি। আসল বিষয় হলো ভারসাম্য বজায় রাখা। আমরা কারও চেয়ে ভালোও নই, আবার কারও চেয়ে খারাপও নই।’

চোট কাটিয়ে ফেরা

চোট কাটিয়ে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ মাঠে ফেরার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্কালোনি। তবে শুরুর একাদশ নিয়ে আগের মতোই কিছুটা রহস্য রেখে তিনি বলেন, ‘দল সাজাতে আমার কখনওই সমস্যা হয়নি, শুধু দুর্দান্ত খেলোয়াড়দের বাদ দেওয়ার ব্যাপারটা কষ্টদায়ক। এমিলিয়ানো (মার্টিনেজ) ভালো আছে। সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে, তবে আমার মনে হয় সে কাল খেলবে।’