উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সংসারের খরচ সামলে সীমিত আয়ের মানুষের পক্ষে বড় অঙ্কের সঞ্চয় করা বেশ চ্যালেঞ্জিং। তবে ছোট অঙ্কের পরিকল্পিত সঞ্চয়ও একসময় বড় অঙ্কে রূপ নেয়, যা আর্থিক নিরাপত্তা দিতে পারে। এই বাস্তবতা মাথায় রেখে গ্রাহকদের জন্য গত বছর নতুন আমানত স্কিম চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। এই স্কিমে মাসে ৫ হাজার টাকা জমা দিয়ে ১০ বছরের মেয়াদ শেষে মুনাফাসহ পাওয়া যাবে ১০ লাখ ৭ হাজার ২৮৮ টাকা। এর মধ্যে গ্রাহকের জমা ৬ লাখ টাকা এবং বাকি ৪ লাখ ৭ হাজার ২৮৮ টাকা মুনাফা।
স্কিমের বিবরণ
রূপালী ডিপোজিট পেনশন স্কিম-৩ (আরডিপিএস-৩) নামের এই আমানত স্কিমে মাসে ৩০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করার সুযোগ রয়েছে। ৩, ৫ ও ১০ বছর মেয়াদের এই স্কিমে সুদের হার ৯ থেকে ১০ শতাংশ পর্যন্ত। রূপালী ব্যাংক জানায়, এই স্কিমের কিস্তি মাসের যেকোনো দিন জমা দেওয়ার সুযোগ পান গ্রাহকেরা। আবার ছয় মাসের অগ্রিম কিস্তি দেওয়ার সুবিধা রাখা হয়েছে, যদিও তার জন্য অতিরিক্ত সুদ মিলবে না।
কত জমায় কত পাওয়া যাবে
এই স্কিমে অল্প টাকা দীর্ঘ মেয়াদে রাখলে মুনাফা বেশি পাওয়া যায়। তিন বছর মেয়াদে মাসিক ৩০০ টাকা জমায় মুনাফাসহ ১২ হাজার ৩৬৯ টাকা পাবেন গ্রাহকেরা। সমপরিমাণ অর্থ ৫ বছর মেয়াদে রাখলে মিলবে ২২ হাজার ৮৬৫ টাকা। আর ১০ বছর মেয়াদে পাওয়া যাবে মুনাফাসহ ৬০ হাজার ৪৩৭ টাকা। এর মধ্যে গ্রাহকের জমা ৩৬ হাজার টাকা এবং বাকি ২৪ হাজার ৪৩৭ টাকা মুনাফা।
এ ছাড়া তিন বছর মেয়াদে মাসিক ৫০০ টাকা জমা রাখলে মেয়াদ শেষে মুনাফাসহ ২০ হাজার ৬১৫ টাকা মিলবে। একই পরিমাণ অর্থ ৫ বছর মেয়াদে প্রতি মাসে জমা দিলে পাওয়া যাবে মুনাফাসহ ৩৮ হাজার ১০৮ টাকা। আর ১০ বছরে পাওয়া যাবে ১ লাখ ৭২৯ টাকা, যার মধ্যে গ্রাহকের জমা ৬০ হাজার টাকা।
এই স্কিমে কেউ যদি মাসে ১ হাজার টাকা ১০ বছর জমা দেন, তাহলে তিনি মেয়াদ শেষে পাবেন মুনাফাসহ ২ লাখ ১ হাজার ৪৫৮ টাকা। তার মধ্যে গ্রাহকের জমা ১ লাখ ২০ হাজার টাকা। তবে পাঁচ বছর মেয়াদে সমপরিমাণ অর্থ জমায় মিলবে ৭৬ হাজার ২১৬ টাকা। আর তিন বছরের মেয়াদে মিলবে মুনাফাসহ ৪১ হাজার ২৩০ টাকা।
এদিকে তিন বছরের মেয়াদে মাসিক ৫ হাজার টাকা জমায় মুনাফাসহ পাওয়া যাবে ২ লাখ ৬ হাজার ১৪৮ টাকা। একই পরিমাণ অর্থ টানা পাঁচ বছর জমা দিলে মিলবে ৩ লাখ ৮১ হাজার ৮১ টাকা। আর ১০ বছর মেয়াদে মুনাফাসহ ১০ লাখ ৭ হাজার ২৮৮ টাকা পাবেন গ্রাহকেরা।
মাসে ৫০ হাজার টাকাও সঞ্চয় করার সুযোগ আছে এই স্কিমে। তিন বছরের মেয়াদে মাসিক অর্ধলাখ টাকা জমায় মিলবে মুনাফাসহ ২০ লাখ ৬১ হাজার ৪৮২ টাকা। ৫ বছর মেয়াদে সেটি বেড়ে হবে ৩৮ লাখ ১০ হাজার ৮১১ টাকা। আর ১০ বছরে মুনাফাসহ পাওয়া যাবে ১ কোটি ৭২ হাজার ৮৮০ টাকা।
ঋণ নেওয়ার সুবিধাও আছে
রূপালী ব্যাংকের এই আমানত স্কিমে জমা অর্থ থেকে ঋণ নেওয়ার সুযোগ আছে। কমপক্ষে ছয়টি কিস্তি জমা হলে হিসাবে মূল স্থিতির বিপরীতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। শুধু তা–ই নয়, স্কিম হিসাবটি বন্ধক রেখে ঋণ নেওয়ার সুযোগ আছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হয়ে ঋণ আবেদন করতে হবে।
রূপালী ব্যাংক জানায়, স্কিমে জমা অর্থ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদহার হবে স্কিমের হিসাবের সুদহারের চেয়ে ২ শতাংশ বেশি।
আবার স্কিমের মেয়াদপূর্তির আগেও গ্রাহকেরা অর্থ উত্তোলন করতে পারবেন। সে ক্ষেত্রে সুদের হার কমবে। যেমন ১ থেকে ২ বছরের কম সময়ের মধ্যে অর্থ উত্তোলন করলে সাড়ে ৬ শতাংশ, ২ থেকে ৩ বছরের কম সময়ের ক্ষেত্রে ৭ শতাংশ, ৩ থেকে ৫ বছরের কম সময়ের ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ, ৫ থেকে ৭ বছরের কম সময়ের ক্ষেত্রে ৮ শতাংশ এবং ৭ থেকে ১০ বছরের কম সময়ের ক্ষেত্রে সাড়ে ৮ শতাংশ সুদহারে মুনাফা মিলবে।
স্কিম কারা খুলতে পারবে
১৮ বছর বা তার বেশি বয়সের যে কেউ এই আমানত স্কিমের হিসাব খুলতে পারবেন। একজন গ্রাহক একাধিক হিসাব খুলতে পারবেন। হিসাব খোলার জন্য ব্যাংকের শাখায় গিয়ে নির্ধারিত হিসাব খোলার ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।
এই স্কিমে হিসাব খুলতে হিসাবধারী ২ কপি ও নমিনির এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, হিসাবধারী ও নমিনির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইত্যাদি প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। আমানত স্কিম হিসাবের বিপরীতে একটি সেটেলমেন্ট হিসাব থাকা বাধ্যতামূলক। রূপালী ব্যাংকের যেকোনো শাখায় খোলা সঞ্চয়ী ও চলতি হিসাব সেটেলমেন্ট হিসাব হিসেবে ব্যবহার করা যাবে। না থাকলে সঞ্চয়ী ও চলতি হিসাব খুলতে হবে। এই হিসাবে জমা টাকা থেকেই প্রতি মাসের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে কর্তন করবে ব্যাংক। আবার স্কিমের মেয়াদ শেষে মুনাফাসহ মোট অর্থ এই হিসাবেই জমা হবে।
জানতে চাইলে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়া প্রথম আলোকে বলেন, ঢাকার চেয়ে ঢাকার বাইরের গ্রাহকেরা রূপালী ব্যাংকের নতুন এই আমানত স্কিমে সঞ্চয় করছেন। প্রতিযোগিতামূলক সুদহার ছাড়াও মাসের যেকোনো দিন কিস্তি জমা, ঋণ নেওয়ার সুযোগ ইত্যাদি কারণে স্কিমটিতে গ্রাহকদের আগ্রহ বাড়ছে। তিনি জানান, রূপালী ব্যাংকের ৫৮৭ শাখা ও ৩৭ উপশাখা থেকে এই আমানত স্কিম খুলতে পারবেন গ্রাহকেরা।



