ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আরও একটি প্রথম ঘটতে যাচ্ছে। এই প্রথমবারের মতো কোনো আয়োজক দেশ নিজ দেশের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে। রোববার রাতে নকআউট পর্বের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে অন্যতম আয়োজক দেশ কানাডা।
বিদেশের মাটিতে কানাডা
সূচি তৈরির সময় তিন আয়োজক দেশকে নিজ নিজ গ্রুপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়েছিল। সেই অনুযায়ী কানাডা যে গ্রুপে ছিল, সেই গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন রাউন্ড অফ ৩২-এর ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভারে। ওই ম্যাচে নামবে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। আর রানার্স হওয়ার সুবাদে লস অ্যাঞ্জেলেসে খেলতে হবে কানাডাকে।
অতীতের আয়োজকরা
অতীতে একমাত্র ২০০২ ছাড়া প্রতি বিশ্বকাপেই আয়োজক ছিল একটিমাত্র দেশ। ফলে সংশ্লিষ্ট দেশ যে পর্যায় পর্যন্ত পৌঁছাক না কেন, সব ম্যাচ খেলেছে নিজেদের মাঠেই। ২০০২ সালে দুই আয়োজক দক্ষিণ কোরিয়া এবং জাপানও নিজেদের সব ম্যাচ দেশের বিভিন্ন শহরে খেলেছে।
এবারের সূচি ও সম্ভাবনা
এবার সূচি অনুযায়ী কানাডা ও মেক্সিকোর দেশের বাইরে খেলার সম্ভাবনা ছিলই। কারণ কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ অন্য দুই আয়োজককে শেষ আটে পৌঁছালে নিজ দেশের বাইরে খেলতে হতই। তবে কানাডা তার আগে বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে, যা বিশ্বকাপের আয়োজক হিসেবে বিদেশের মাঠে খেলার প্রথম নজির।



