বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। ম্যাচের শুরুটা দুর্দান্ত হয়েছে সেলেসাওদের। ভিনিসিয়ুসের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম গোলের বর্ণনা
ম্যাচের ৮ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার না করে প্রথম ছোঁয়াটাই নড়বড়ে করে ফেলেন ম্যাকেনা। সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
দ্বিতীয় গোল এবং ভিএআর বিতর্ক
ম্যাচের ২৫ মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনি। তবে গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোলের দেখা পান ভিনিসিয়ুস। ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ভিনির চতুর্থ গোল।



