বরগুনায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
বরগুনায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আসাদুল (১৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরে অতিরিক্ত পানির স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ পর্যটকের পরিচয়

নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে। তিনি মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছেন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আসাদুল তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তার ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর ১২টার দিকে বন্ধু জাকারিয়া, আতাউল্লাহ, সাগর ও ভগ্নিপতি শাওন তালুকদারসহ পাঁচ জন শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় একপর্যায়ে স্রোতে পাঁচ জনই ভেসে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় চার জনকে উদ্ধার করা গেলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি। আসাদুল ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে ডুবে যান। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে আসাদুলকে উদ্ধার করতে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার অভিযান

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে ও পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। উদ্ধার হওয়া চার জনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

উদ্ধার হওয়া সাগর বলেন, ‘আমরা পাঁচ জন একসঙ্গে সাগরে গোসল করতে নেমেছিলাম। হঠাৎ একটি বড় ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা চার জন উদ্ধার হলেও আসাদুলকে আর খুঁজে পাওয়া যায়নি।’

পুলিশ ও ইউএনও’র বক্তব্য

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘নিখোঁজ আসাদুলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’ তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে পাঁচ জন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনও সন্ধান পাওয়া যায়নি।’