গ্রুপ পর্ব থেকেই ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত এড়াতে যুক্তরাষ্ট্রে চলে গেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক কোচ হং মিয়ুং-বো। জংআং ডেইলি, চোসানবিজ, স্টার নিউজ কোরিয়াসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দরে বিক্ষোভ ও পদত্যাগ
ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরতেই তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার মুখে পড়েন হং মিয়ুং-বো। সমর্থকরা বিমানবন্দরে জড়ো হয়ে ‘হং আউট’ স্লোগান দিতে থাকেন। ‘হংয়ের বেতন ফেরত নেওয়া হোক’ লেখা প্ল্যাকার্ড হাতে কয়েকজনকে দেখা যায়। এমনকি কেউ কেউ তাকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত গালি দিতে থাকেন। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে হং মিয়ুং-বো ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তবু সমর্থকরা শান্ত না হওয়ায় দেশে ফেরার দুদিন পরেই তিনি যুক্তরাষ্ট্র চলে যান।
পরিবারের কাছে লস অ্যাঞ্জেলেসে
স্টার নিউজ কোরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া সব ম্যাচ খেলেছে মেক্সিকোয়। সেখান থেকেই সম্প্রতি তারা দেশে ফিরেছে। এরপর কয়েক দিন বিশ্রামে থাকার কথা থাকলেও বিপদ আঁচ করতে পেরে হং মিয়ুং-বো যুক্তরাষ্ট্রে চলে গেছেন, যেখানে তার পরিবার আগে থেকেই আছে। সংবাদমাধ্যমের দাবি, হং মিয়ুং-বো লস অ্যাঞ্জেলেসে পরিবারের কাছে গেলেও বর্তমান পরিস্থিতিতে তার এই সফরকে ‘বিদেশে পালিয়ে যাওয়া’ হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্টের তদন্তের নির্দেশ
বিশ্বকাপে দলের এমন ভরাডুবি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ুং। তার মতে, যোগ্যতার পরিবর্তে পক্ষপাতিত্ব ও ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়াতেই এমন পরিণতি হয়েছে। দেশটির জাতীয় সংসদেও এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ফুটবল অঙ্গনে অভিযোগ উঠেছে, রাজনৈতিক চাপ এবং সরকারি তদন্তের শুনানি এড়াতেই হং মিয়ুং-বো যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
কোচের বক্তব্য
যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আপনাদের অনেক কথাই বলতে চাই। তবে সেগুলো বলার জন্য উপযুক্ত সময় এখনো আসেনি।’ জাতীয় দলে অভ্যন্তরীণ কোন্দলের গুঞ্জনও নাকচ করে দেন হং মিয়ুং-বো। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য ঘটনাটি ‘আন্তর্জাতিক লজ্জা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছে সংবাদমাধ্যমগুলি।



