মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া দারুণ ব্যাপার: রোনালদো
মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া দারুণ: রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, চলতি ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া দারুণ ব্যাপার হবে। হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল।

দুই সুপারস্টারের সম্ভাব্য দ্বৈরথ

প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে কখনও বড় টুর্নামেন্টে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও পর্তুগাল। তাই জাতীয় দলের হয়ে দুই সুপারস্টারের মুখোমুখি দ্বৈরথ দেখা যায়নি কখনও। সেই সম্ভাবনা এবার দেখা দিয়েছে চলতি বিশ্বকাপে। বেশ কিছু সমীকরণ মিলে গেলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০৬ সালের সেমি-ফাইনালিস্ট পর্তুগালের।

রোনালদোর প্রতিক্রিয়া

উজবেকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোনালদোকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, "আমি জানি না, এই প্রশ্নের উত্তর কীভাবে দেব। তবে হ্যাঁ, এটি (মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া) দারুণ ব্যাপার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আজকের ম্যাচ এবং জয় পাওয়া। এখন সামনে যা আছে, তার জন্য আমরা প্রস্তুত। মূল লক্ষ্য ছিল গ্রুপ পর্ব উৎরে যাওয়া, আমরা সেটি করেছি।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘুরে দাঁড়ানোর জয়

নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো ও পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর জয়ের পর রোনালদো বলেন, "বেশ কঠিন সময় ছিল সবশেষ সপ্তাহ। ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে। আমি জানতাম আমার সতীর্থরাও সাহায্য করবে। এটি একটি কঠিন সপ্তাহ ছিল, অন্ধকারাচ্ছন্ন সপ্তাহ। মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই অবসর নিয়ে ফেলেছি। আমি কখনও হাল ছাড়িনি, যেটা আমি সবসময়ই করি। কারণ অন্য যেকোনো কিছুর চেয়ে আমি কঠোর পরিশ্রমে বেশি বিশ্বাসী। এটা কঠিন ছিল, আমাকে স্বীকার করতেই হবে, কিন্তু আমরা ফিরে এসেছি।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী ম্যাচ

আগামী রোববার ভোরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও পর্তুগাল শীর্ষে থেকেই নকআউটে উঠতে পারলে এবং দুই দলই শেষ ৩২ ও শেষ ১৬ ম্যাচ জিতলে কোয়ার্টারে দেখা হয়ে যেতে পারে তাদের।