বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন কিনা, তা নিয়ে শঙ্কায় রয়েছে ব্রাজিল। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে উইঙ্গার রাফিনহার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
হাইতির বিপক্ষে চোট পান রাফিনহা
গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোটে পড়েন বার্সেলোনার এই তারকা। ডান উরুতে আঘাত পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। নকআউট পর্বের ম্যাচের আগে টানা তিন দিন দলের মূল অনুশীলনে অংশ নেননি রাফিনহা।
বুধবার ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এতে তার সুস্থতার অগ্রগতির আভাস মিললেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন বলে মনে করা হচ্ছে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ব্রাজিলের কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগ।
ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত
ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, নরওয়ের বিপক্ষে রাফিনহাকে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে। ফিটনেস নিয়ে সামান্যতম শঙ্কা থাকলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল।
এদিকে মঙ্গলবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রায়ানও। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, এটি কোনো চোটজনিত সমস্যা নয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
পাকেতার অবস্থাও অনিশ্চিত
অন্যদিকে মিডফিল্ডার লুকাস পাকেতার অবস্থাও এখনও অনিশ্চিত। জাপানের বিপক্ষে ম্যাচে উরুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। কবে নাগাদ তিনি ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।



