বিশ্বকাপে শুরু থেকে নেই লামিন ইয়ামাল, কোচ জানালেন কারণ
বিশ্বকাপে শুরু থেকে নেই লামিন ইয়ামাল

স্পেনের নতুন তারকা লামিন ইয়ামালকে পরবর্তী বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। তবে সোমবার বিশ্বকাপে শুরু থেকে ইয়ামালের অভিষেক হচ্ছে না। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠলেও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না এই তারকা ফরোয়ার্ড। বিষয়টি আগেই নিশ্চিত করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

চোটের ইতিহাস

গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় চোট পান ইয়ামাল। এরপর থেকেই ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। চোটের কারণে গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

কোচের বক্তব্য

আজ শুরুর একাদশে ইয়ামাল না থাকলেও ম্যাচে নামানো হবে বলে জানিয়েছেন স্পেনের কোচ। রবিবার আটলান্টায় এক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, 'সবচেয়ে ভালো খবর হলো লামিন এখন ভালো অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম, সেভাবেই ফিরে পেয়েছি। তবে সে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় না থাকলেও, ম্যাচের কিছু অংশে অবশ্যই খেলতে পারবে। ডাক্তাররাও সবুজ সংকেত দিয়েছেন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিসংখ্যান

২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচ খেলে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। স্পেনের জার্সিতে ২৫ ম্যাচে ৬ গোল করেছেন এই তারকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ