ঘানার বিতর্কিত ও স্বঘোষিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম দাবি করেছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগালের হাতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, ফুটবল মাঠের লড়াই শুরুর আগেই আধ্যাত্মিক জগতে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বোনসামের মতে, পর্তুগাল ইতোমধ্যে ‘আধ্যাত্মিক জগতে’ বিশ্বকাপ জিতে নিয়েছে এবং রোনালদো নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ ফুটবল বিধাতা তার জন্য ‘সেই মাহেন্দ্রক্ষণ’ নির্ধারণ করে রেখেছেন।
হ্যারি কেইনকে ‘কালাজাদু’ করে আলোচনায়
এর আগে চলতি বিশ্বকাপে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘কালাজাদু’ করে আলোচনায় এসেছিলেন বোনসাম। ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, কেইনকে থামাতে তিনি অভিশাপ দিচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আগে কী করতে পারি তা দেখিয়েছি, তাই তাকে (কেইন) থামাতে আমার কী করতে হবে তা ভালো করেই জানা আছে।’ কাকতালীয়ভাবে, সেই ম্যাচে ইংল্যান্ড গোলশূন্য ড্র করে এবং কেইন গোল করতে ব্যর্থ হন। তবে ম্যাচ শেষে বোনসাম অভিশাপ তুলে নেন এবং জানান, তার একটি সন্তান হতে যাচ্ছে, যার নাম তিনি হ্যারি কেইনের নামে রাখবেন।
আর্জেন্টিনা নিয়ে ভবিষ্যদ্বাণী
বোনসাম আরও দাবি করেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ-ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এই ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
কে এই কোয়াকু বোনসাম?
ঘানার রাজধানী আক্রায় তিনটি উপাসনালয় পরিচালনা করা নানা কোয়াকু বোনসাম দেশটির অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব। নিজেকে আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও কবিরাজ দাবি করা বোনসাম মানুষকে আধ্যাত্মিক পরামর্শ ও ভেষজ চিকিৎসা দিয়ে থাকেন। ফুটবল বিশ্বে তার পরিচিতি নতুন নয়; ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ঘানার মুখোমুখি হওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরির পেছনে নিজের আধ্যাত্মিক হাত থাকার দাবি করেছিলেন বোনসাম। ১২ বছর আগে রোনালদোকে ইনজুরিতে ফেলতে চাওয়া সেই বোনসামই এখন রোনালদোর হাতে বিশ্বকাপ ট্রফি দেখছেন।



