ঘানার ওঝার কালোজাদু আর পেরুর শামানের অভিশাপমুক্তি: কেইনকে ঘিরে বিশ্বকাপে অদ্ভুত ঘটনা
ঘানার ওঝার কালোজাদু আর পেরুর শামানের অভিশাপমুক্তি

২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা অদ্ভুত ঘটনাও আলোচনার জন্ম দিচ্ছে। কখনো ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে ভিনগ্রহবাসীরা অপহরণ করবে বলে ভবিষ্যদ্বাণী, আবার কখনো ঘানার এক ‘জাদুকর’ হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়েছেন—এমন সব দাবি ঘুরে বেড়াচ্ছে বিশ্বকাপ ঘিরে।

ঘানার ওঝার অভিশাপ

ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে দেশটির এক কথিত জাদুকর দাবি করেছিলেন, তিনি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর এমন অভিশাপ দিয়েছেন, যাতে তিনি গোল করতে না পারেন। সেই ম্যাচে কেইন একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পাননি। এমনকি, একবার প্রায় ফাঁকা পোস্ট পেয়েও বল পাঠিয়েছেন ক্রসবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এরপর ওই জাদুকরকে নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বিশ্বাসও করতে শুরু করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেরুর শামানদের অভিশাপমুক্তি আচার

এরপরই আলোচনায় আসে পেরুর একদল শামান। দক্ষিণ আমেরিকার দেশটিতে শামানদের ভবিষ্যদ্বাণী ও আধ্যাত্মিক আচার-অনুষ্ঠান বেশ জনপ্রিয়। বছরের শুরুতে তারা বিভিন্ন রাজনৈতিক ও বৈশ্বিক ঘটনা নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসেন। এবার তারা টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হ্যারি কেইনের ওপর থেকে কথিত ‘অভিশাপ’ দূর করার এক বিশেষ আচার সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেইনের একটি কার্ডবোর্ড প্রতিকৃতি সামনে রেখে শামানরা বিভিন্ন ধর্মীয় ও লোকজ আচার পালন করছেন। তাদের একজন দাবি করেন, “কেইনের ওপর কালো জাদুর প্রভাব রয়েছে। আমরা সেই নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করছি, যাতে সে স্বাধীনভাবে খেলতে পারে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিশাপমুক্তির পর গোল

অবশ্য এসব কর্মকাণ্ডে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবু ঘটনাক্রম অনেকের কৌতূহল বাড়িয়েছে। কারণ, শামানদের ওই আচার পালনের পরই পানামার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পান কেইন। ম্যাচে প্রথমে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগান কেইন। বেলিংহামের গোলের মাত্র পাঁচ মিনিট পর কেইন নিজের নাম লেখান স্কোরশিটে। তার সেই গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ঘানার ওঝার অভিশাপ থেকে পেরুর শামানের মুক্তি—এসব ঘটনা বিশ্বকাপের মাঠের লড়াইয়ের পাশাপাশি ভক্তদের মনে কৌতূহল ও বিতর্কের জন্ম দিয়েছে। তবে ফুটবল বিশ্বকাপের মতো বড় আসরে যাদু-টোনার চেয়ে খেলোয়াড়ের দক্ষতা ও দলগত পারফরম্যান্সই যে বেশি গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।