যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানোর ঘটনায় বিতর্ক সৃষ্টি হলেও ক্লাউসের সততা ও পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
লাল কার্ড বিতর্ক ও ট্রাম্পের প্রতিক্রিয়া
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলার সময় ভিএআর পর্যালোচনার পর বালোগুনকে লাল কার্ড দেখান ক্লাউস। রিপ্লেতে দেখা যায়, তিনি প্রতিপক্ষের খেলোয়াড় তারিক মুহারেমোভিচের গোড়ালিতে স্টাড লাগান। তবে পরে ফিফা বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। একই সঙ্গে ক্লাউসকে ইঙ্গিত করে বলেন, তার অতীত দেখলে তিনি কিছুটা সন্দেহজনক মনে হয়। তবে তিনি এ মন্তব্যের পক্ষে কোনো ব্যাখ্যা দেননি।
ফিফার বিবৃতি ও ইনফান্তিনোর বক্তব্য
ট্রাম্পের মন্তব্যের জবাবে ফিফা এক বিবৃতিতে জানায়, রাফায়েল ক্লাউস বিশ্বের অন্যতম শীর্ষ পেশাদার রেফারি এবং বিশ্বকাপে দায়িত্ব পালনকারী ফিফার এলিট ‘টিম ওয়ান’ রেফারিদের একজন। বিবৃতিতে আরও বলা হয়, নিজের পুরো ক্যারিয়ারে তিনি ধারাবাহিকভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন। ফিফা জানায়, টুর্নামেন্ট চলাকালে রেফারিদের গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নীতির কারণে ক্লাউস এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।
এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও রেফারিদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি আবারও বলছি, আমাদের রেফারিদের সম্মান করতে হবে এবং খেলার নিয়মকে সম্মান করতে হবে। একটি বিষয় খুবই সহজ—রেফারি ছাড়া ফুটবল সম্ভব নয়।”
কলিনার সমর্থন ও বালোগুনের ফিরে আসা
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা ও রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনাও ক্লাউসের প্রতি সংস্থার আস্থা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “রাফায়েল ক্লাউস তার দ্বিতীয় ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন।” কলিনার ভাষ্য, ৬০০-র বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা থাকা ক্লাউস অত্যন্ত অভিজ্ঞ ও সম্মানিত একজন রেফারি। ম্যাচ অফিসিয়াল হিসেবে তার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সোমবার বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে জায়গা পান বালোগুন। কোচ মাউরিসিও পোচেত্তিনো তাকে প্রথম একাদশেই খেলান।



