ব্রাজিল সমর্থকদের মাটিতে পা রাখার পরামর্শ আনচেলত্তির
ব্রাজিল সমর্থকদের মাটিতে পা রাখার পরামর্শ আনচেলত্তির

নেইমারের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন এবং ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বুধবার (২৪ জুন) স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে অনায়াসে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে।

তবে দলের এই উড়ন্ত ফর্মের পরও ব্রাজিলিয়ান সমর্থকদের এখনই অতি-উৎসাহী না হয়ে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে কিছুটা হতাশাজনক শুরুর পর, টানা দুই জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। আনচেলত্তি জানান, নকআউট পর্বের আগে তার দল এই মুহূর্তে তেমন একটি সুসংগঠিত দলে পরিণত হচ্ছে, যেমনটি তিনি চেয়েছিলেন।

আনচেলত্তির বক্তব্য

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা এখন একটি দল হিসেবে খেলছি, আর এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা নিখুঁত নই, এখনো কিছু জায়গায় উন্নতি করতে হবে—যেমন বল দখলে থাকার সময় আমাদের আরও দ্রুত খেলতে হবে। তবে প্রথম ম্যাচের পর থেকে দল যেভাবে উন্নতি করেছে, তাতে আমি খুশি। নকআউট পর্বে পৌঁছানোর পর এখন দলগতভাবে সুসংহত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল এখন নকআউট পর্বের ‘রাউন্ড অব ৩২’-এ মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।

নেইমারের প্রত্যাবর্তন

এদিন মিয়ামির স্টেডিয়ামে সবচেয়ে বড় করতালির গর্জনটি শোনা যায় নেইমারের জন্য। দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন এই তারকা ফরোয়ার্ড। আনচেলত্তি জানান, ৩৪ বছর বয়সি এই তারকা সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন এবং নিজের যোগ্যতাবলেই দলে সুযোগ পেয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেইমার প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘সে খেলার সুযোগ পেয়েছে কারণ সে এটার যোগ্য ছিল, সুস্থ হয়ে উঠতে সে কঠোর পরিশ্রম করেছে। আমার বিশ্বাস, নেইমারের যে মান, তা এই বিশ্বকাপে দলকে অনেক সাহায্য করতে পারে। সে মাত্র কয়েক মিনিট খেলেছে, কিন্তু ভালো খেলেছে। ব্রাজিলের জার্সি গায়ে জড়ানোর জন্য নেইমার বা অন্য কোনো খেলোয়াড়ের আলাদা কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয় না। ৩৪ বছর বয়সেও তার মধ্যে এক তরুণের মতোই ফুটবলপ্রেম রয়েছে।’

ভিনিসিয়ুসের প্রশংসা

এদিকে লেফট উইং মাতানো এবং ম্যাচে জোড়া গোল করা ভিনিসিয়ুস জুনিয়রেরও ভূয়সী প্রশংসা করেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তিনি বলেন, ‘ভিনি বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে এবং দলও তাকে অনেক সাহায্য করছে। সে মাঠের ভেতরে এবং উইং—উভয় পজিশনেই খেলতে পারদর্শী। ভিনিসিয়ুসকে এই স্তরে পারফর্ম করতে দেখা সত্যিই তৃপ্তিদায়ক। সে যে এই উচ্চতায় পৌঁছাতে পারবে, তা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আমি ভিনিকে নতুন করে আবিষ্কার করিনি, সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা।’