রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. তামজিদ ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিছো মিস্ত্রী বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন রড মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার চন্দিমা মডেল টাওয়ারের ১১ তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তামজিদ।
হাসপাতালে নেওয়া ও মৃত্যু
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আমজাদ বলেন, "হায়াত শেষ হয়ে গেছে আমার ছেলের। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।"
জানা গেছে, ঘটনার সময় নিহতের বাবা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পরে শনিবার (৯ মে) সকালে নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পুলিশের বক্তব্য
এ প্রসঙ্গে চরফ্যাশন থানার ডিউটি অফিসার এসআই সিদ্দিকুর রহমান বলেন, "ঘটনাটি জেনেছি, পরিবারের তত্ত্বাবধানে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।" তিনি আরও জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও আসেনি।
মো. তামজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্বজনদের মধ্যে বেদনার সঞ্চার হয়েছে।



