বিশ্বকাপে তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন কেটি পেরিসহ তারকারা
বিশ্বকাপে তিন দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

ফুটবল মহাযজ্ঞ আসন্ন। আর সেই মহাযজ্ঞ পূর্ণতা পায় উদ্বোধনী অনুষ্ঠানে। ৪৮ দেশ নিয়ে প্রথমবার মাঠ গড়াতে যাওয়া এই বৈশ্বিক ইভেন্টকে তাই স্মরণীয় করতে চাইছে ফিফা। আয়োজন হতে যাচ্ছে আরও ব্যতিক্রমধর্মী। প্রথমবারের মতো তিন আয়োজক দেশ-মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় হবে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। তাতে থাকছেন বিশ্বের জনপ্রিয় সব সংগীত শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের তারকা তালিকা

শুক্রবার ফিফা নিশ্চিত করেছে, উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান সংগীত শিল্পী কেটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন ও লিসাসহ আরও অনেকে।

মেক্সিকোয় উদ্বোধন

বিশ্বকাপ শুরু হবে মেক্সিকোয়। ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে হবে জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠানে পারফর্ম করবেন কলম্বিয়ার জনপ্রিয় শিল্পী জে বালভিন, একাধিক গ্র্যামিজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ। এছাড়া থাকছেন মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্ডা, গায়ক ও গীতিকার লিলা ডাউনস, দক্ষিণ আফ্রিকার শিল্পী টাইলা এবং ঐতিহ্যবাহী মেক্সিকান কুম্বিয়া ঘরানার সংগীত পরিবেশনকারী ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজুলেস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কানাডায় উদ্বোধন

১২ জুন টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেইয়েজ ও নোরা ফাতেহিসহ একাধিক শিল্পী। আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানটিতে দেশটির বৈচিত্র্য ও সংস্কৃতির নানা দিক উঠে আসবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্রে উদ্বোধন

একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের ঝলক। ২০১৫ সালে সুপার বোল হাফটাইম শো মাতানো পপ তারকা কেটি পেরি আবারও বড় ক্রীড়া মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা, ব্রাজিলিয়ান সংগীত তারকা আনিত্তা, রেমা ও টাইলা।

আরও শিল্পী ও দর্শক অংশগ্রহণ

ফিফা জানিয়েছে, আরও কয়েকজন শিল্পীর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ভেনেজুয়েলার রেগেটন শিল্পী ড্যানি ওশান এবং বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। আয়োজকদের দাবি, দর্শকদেরও অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ করে তোলা হবে। এজন্য ভক্তদের আগেভাগে স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।