বেতন না পেয়ে ম্যাচ বর্জন করল ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা
বেতন না পেয়ে ম্যাচ বর্জন ব্রাদার্সের ক্রিকেটারদের

আজ সকাল সাড়ে নয়টায় ঢাকা প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যে পাঁচটি ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হয়। তবে বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ, মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানান ব্রাদার্সের ক্রিকেটাররা।

ক্রিকেটারদের দাবি

দলটির একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী তাদের পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে। বারবার তাগাদা দেওয়ার পরও বাকি টাকা না পাওয়ায় তারা ম্যাচ বর্জন করতে বাধ্য হয়েছেন।

ক্রিকেটাররা আরও জানান, ঈদের আগেই তাদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল। গতকাল রাতে এ ব্যাপারে ক্লাবকে জানানো হয়েছিল। কিন্তু আজ ম্যাচের আগে পারিশ্রমিক না পাওয়ায় তারা ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন। মাঠে যাওয়ার পর ব্রাদার্সের ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানালে অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাচ রেফারির বক্তব্য

ম্যাচ রেফারি এনায়েত হোসেন চৌধুরী তামিম বলেন, ‘তারা খেলোয়াড় তালিকাও দেয়নি, টসেও আসেনি। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ও আমি অপেক্ষা করছিলাম। আমরা আধঘণ্টার মতো অপেক্ষা করেছি। পরে তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু তারা আসেনি।’

সিসিডিএমের অবস্থান

সিসিডিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ব্যাপারে ক্লাব বা খেলোয়াড়দের পক্ষ থেকে আগে কিছু জানানো হয়নি। তেমন হলে তারা ব্যবস্থা নিতে পারত। তবে পারিশ্রমিকের ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা নেই। এটা পুরোপুরি ক্লাব ও ক্রিকেটারদের চুক্তির বিষয়।

এ বিষয়ে যোগাযোগ করতে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমেন খানকে ফোনে পাওয়া যায়নি। মাঠের খেলায়ও খুব একটা সুবিধা করতে পারছে না ব্রাদার্স। ৯ ম্যাচে মাত্র ১ জয় পাওয়ায় তাদের অবনমনের সম্ভাবনা অনেক বেশি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ