ফ্রান্সের বিশ্বকাপ প্রস্তুতিতে স্বস্তির খবর, সালিবা ফিট
ফ্রান্সের বিশ্বকাপ প্রস্তুতিতে স্বস্তি, সালিবা ফিট

বিশ্বকাপের আগে স্বস্তির খবর দিয়েছে ফ্রান্স। পিঠের চোটের কারণে ডিফেন্ডার উইলিয়াম সালিবার বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন প্রধান কোচ দিদিয়ের দেশম। একই সঙ্গে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের ফিটনেস সন্তোষজনক বলেও জানিয়েছেন তিনি।

সালিবার চোট কাটিয়ে ফেরা

গত সপ্তাহান্তে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের হয়ে খেলার পর মঙ্গলবার প্যারিসের বাইরে ফ্রান্স দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন সালিবা। তবে পিঠের চোটের কারণে তাকে নিয়ে কিছু গণমাধ্যমে অনিশ্চয়তার খবর প্রকাশিত হয়েছিল।

বৃহস্পতিবার রাতে আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে ফরাসি দল। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ম্যাচে সালিবার খেলার সময় সীমিত রাখা হতে পারে। দেশমের কথাতেই মিলেছে সেই ইঙ্গিত, ‘উইলিয়াম ভালো আছে এবং তাকে পরিকল্পনা অনুযায়ী খেলানো হবে। আগামীকাল (আজ) তার খেলার প্রয়োজন হলে সে খেলবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রস্তুতি ম্যাচে রদবদল

বিশ্বকাপের পর ফ্রান্স দলের দায়িত্ব ছাড়তে যাওয়া দেশম জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি স্কোয়াডে রদবদল করবেন। আইভরি কোস্টের পর আগামী সোমবার উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা। স্কোয়াডে থাকা পিএসজির পাঁচ খেলোয়াড়ের ব্যাপারেও সতর্ক অবস্থানে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ের মতো ফুটবলারদের শারীরিক অবস্থার ওপর বিশেষ নজর রাখা হবে।

ফরাসি কোচ জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলা ছয়জন ফুটবলারের বিষয়টি আমি সতর্কতার সঙ্গে দেখবো, বিশেষ করে যারা শুরু থেকে খেলেছে। সামনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সূচি অপেক্ষা করছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমবাপ্পের ফিটনেস নিয়ে আশাবাদ

এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে অস্থির একটি মৌসুম কাটালেও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বেশ আশাবাদী দেশম। তার মতে, ফরাসি তারকা শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই চমৎকার অবস্থায় আছেন। তিনি বলেছেন, ‘ক্লাবে যা ঘটে, তা ক্লাবেই থাকে। এটা জাতীয় দল। দলের সঙ্গে এবং প্রথম অনুশীলন সেশনগুলোতে সে সর্বোচ্চ চেষ্টা করেছে।’

এমবাপ্পের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে দেশম আরও বলেছেন, ‘তার এমন অভিজ্ঞতা আছে, যা অন্যদের নেই। এটি তার তৃতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। বিশ্বকাপ কতটা কঠিন প্রতিযোগিতা, সে খুব ভালোভাবেই জানে।’