পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সময় আকস্মিক ঝড়ো বাতাসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।
ঘটনার বিবরণ
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী এলাকার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। নিহত রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন বন্ধু হার্ডিঞ্জ ব্রিজের নিচের এলাকায় একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ঘুরতে যান। একপর্যায়ে তারা নৌকায় অবস্থানকালে আড্ডা ও আনন্দ-ফুর্তিতে মেতে ওঠেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে নৌকার ওপর দাঁড়িয়ে থাকা রিফাত ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।
তাকে উদ্ধারের চেষ্টা করতে তার দুই বন্ধু নদীতে ঝাঁপ দেন। তবে পদ্মার তীব্র স্রোতে তিনজনই বিপদের মুখে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়িতে জানালে নৌ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযান
লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে রিফাত নদীর প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালেও তীব্র স্রোত এবং গভীর পানির কারণে কার্যক্রম ব্যাহত হয়। ডুবুরি দলের সহায়তা ছাড়া মাঝনদীতে তল্লাশি চালানো সম্ভব হচ্ছিল না।
পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে। শনিবার সকালে দিকে তারা নিখোঁজ রিফাত হাসান রক্তিমের মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।



