অবসর ভেঙে বিশ্বকাপে ফিরলেন মানুয়েল নয়্যার
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরলেন মানুয়েল নয়্যার

আবারও বিশ্বকাপে দেখা যাবে জার্মানির কিংবদন্তি গোলকিপার মানুয়েল নয়্যারকে। ৪০ বছর বয়সী এই তারকা ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও তাঁকে ফিরিয়ে এনেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। শুধু দলে জায়গাই নয়, বরং কোচ ইউলিয়ান নাগলসমান তাঁকে এক নম্বর গোলকিপার হিসেবে ঘোষণা দিয়েছেন।

দল ঘোষণা ও ন্যায়ারের ভূমিকা

আজ ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন কোচ নাগলসমান। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে এবারের আসরে থাকছেন নয়্যার। এক যুগ আগের সেই দলে থাকা মাটিয়াস গিন্টার আলোচনায় থাকলেও কোচ তাঁকে রাখেননি।

সংবাদ সম্মেলনে নাগলসমান বলেন, 'মানুয়েল কী মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিনায়কত্ব ও অন্যান্য তারকা

গুরুত্ব ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও নয়্যার অধিনায়কত্ব পাচ্ছেন না। জার্মানিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ। ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও দলে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

আর্সেনালের হয়ে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও বিশ্বকাপে যাচ্ছেন। বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্লও প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন।

বাদ পড়া ও চোট

গত কয়েক বছরে নিয়মিত খেলেছেন, এমন ফুটবলারদের মধ্যে নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ বিশ্বকাপে জায়গা পাননি। এ ছাড়া চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন বায়ার্ন ফরোয়ার্ড সার্জ নাবরি ও বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘোষণার পদ্ধতি

নাগলসমান বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ছয় ঘণ্টা আগে থেকেই কিছু খেলোয়াড়ের নাম ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানানো শুরু করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

গ্রুপ ও প্রস্তুতি

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি এবারের বিশ্বকাপে গ্রুপ 'সি'তে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে। তার আগে ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার

  • মানুয়েল নয়্যার
  • অলিভার বাউমান
  • আলেকজান্ডার ন্যুবেল

ডিফেন্ডার

  • অ্যান্টোনিও রুডিগার
  • জোনাথন টাহ
  • নিকো শ্লটারবেক
  • ভালডেমার আন্টন
  • ডেভিড রাউম
  • মালিক থিয়াও
  • নাথানিয়েল ব্রাউন

মিডফিল্ডার

  • ফেলিক্স এনমেচা
  • পাসকাল গ্রস
  • ফ্লোরিয়ান ভির্টৎস
  • জামাল মুসিয়ালা
  • লিয়ন গোরেৎসকা
  • অ্যাঞ্জেলো স্টিলার
  • লেনার্ট কার্ল
  • নাদিম আমিরি
  • ইয়োশুয়া কিমিখ
  • আলেকজান্ডার পাভলোভিচ
  • জেমি লেভেলিং

ফরোয়ার্ড

  • কাই হাভার্টজ
  • ডেনিজ উনদাভ
  • লিরয় সানে
  • নিকোলাস ভোল্টেমাড
  • মাক্সিমিলিয়ান বায়ার