জাতিসংঘ শান্তিরক্ষায় নারী: ইতিহাস, অবদান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা
জাতিসংঘ শান্তিরক্ষায় নারী: ইতিহাস, অবদান, চ্যালেঞ্জ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিশ্ব শান্তি রক্ষায় একটি অপরিহার্য ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অনন্য অবদান রেখে চলেছে। বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান ছিল, কিন্তু সময়ের প্রয়োজনে এবং বিবর্তনের ধারায় নারী শান্তিরক্ষীদের অন্তর্ভুক্তি ও নারী নেতৃত্ব একটি অনিবার্য ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিশ্ব রাজনীতিতে স্থান করে নিয়েছে।

নারী শান্তিরক্ষীদের অন্তর্ভুক্তির ইতিহাস

১৯৪৮ সালে জাতিসংঘ সদর দফতর সর্বপ্রথম শান্তিরক্ষা মিশন শুরু করে, যেখানে নারীদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। প্রাথমিক অবস্থায় নারীরা মূলত চিকিৎসা সেবা, প্রশাসনিক সহায়তা এবং কিছু মানবিক কার্যক্রমে জড়িত ছিলেন। ১৯৪৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ এতটাই সীমিত ছিল যে তারা মূলত সহায়ক ভূমিকায় ছিলেন। তবে ১৯৮০-এর দশক থেকে সংঘাতময় এলাকায় নারী ও শিশু সংক্রান্ত সমস্যা জটিল আকার ধারণ করায় নারী শান্তিরক্ষীদের উপস্থিতি ও হস্তক্ষেপ অনিবার্য হয়ে ওঠে। ১৯৯০-এর দশকে প্রথমবারের মতো নারী সামরিক শান্তিরক্ষী অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৩ সালের এক সমীক্ষায় দেখা যায়, সামগ্রিক শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ ছিল মাত্র এক শতাংশ। ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 'নারী, শান্তি ও নিরাপত্তা' বিষয়ে একটি ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করে, যা নারী শান্তিরক্ষীদের অন্তর্ভুক্তি ত্বরান্বিত করে।

নারী শান্তিরক্ষীদের অবদান

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারী শান্তিরক্ষীদের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। তারা বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা রক্ষা, পারস্পরিক আস্থা সৃষ্টি, যুদ্ধবিধ্বস্ত সমাজ পুনর্গঠন এবং মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আস্থা ও বোঝাপড়া বৃদ্ধি

দক্ষিণ সুদানের জাতিসংঘ মিশনে (UNMISS) নারী শান্তিরক্ষীরা স্থানীয় নারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে লিঙ্গভিত্তিক ও যৌন সহিংসতার তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা পুরুষ শান্তিরক্ষীদের পক্ষে সম্ভব ছিল না।

সামাজিক নিরাপত্তা প্রদান

লাইবেরিয়ায় (UNMIL) ভারতের একটি নারী পুলিশ ইউনিট স্বাধীনভাবে অপারেশন পরিচালনা করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে প্রশংসা কুড়িয়েছে।

জাতিগত সংঘাত নিরসন

আফগানিস্তানে (UNAMA) নারী শান্তিরক্ষীরা স্থানীয় জনগণের সঙ্গে কাজ করে সামাজিক সংলাপ ও জাতিগত পুনর্মিলনে সহায়তা করেছেন।

নারীর ক্ষমতায়ন

কঙ্গো ও সিয়েরালিওনে নারী শান্তিরক্ষীরা রোল মডেল হিসেবে কাজ করেছেন, যা নারী নেতৃত্বের পথ সুগম করেছে। ২০০৬ সালে লাইবেরিয়ায় এলেন জনসন স্যারলিফ প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা শান্তিরক্ষা মিশনের ইতিবাচক প্রভাবের উদাহরণ।

মানবিক কার্যক্রম

লেবানন, কঙ্গো, আফগানিস্তান, সিয়েরালিওন, লাইবেরিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের মিশনে নারী শান্তিরক্ষীরা মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মানবাধিকার রক্ষা

আইভরি কোস্ট, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মালি, সাইপ্রাস, কসোভো ও পূর্ব তিমুরের মিশনে নারী শান্তিরক্ষীরা মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় দুর্গম এলাকায় কাজ করেছেন।

আইনি সহায়তা

কঙ্গো ও লাইবেরিয়ায় নারী শান্তিরক্ষীরা সহিংসতার শিকার নারীদের অভিযোগ নথিভুক্তকরণ, আইনি সহায়তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নারী শান্তিরক্ষীদের চ্যালেঞ্জ

  • সংখ্যাগত সীমাবদ্ধতা: পুরুষ শান্তিরক্ষীদের সংখ্যাধিক্যের কারণে কাজের চাপ ও লিঙ্গভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়।
  • লিঙ্গভিত্তিক বৈষম্য: প্রতিকূল পরিবেশে নারী শান্তিরক্ষীদের আরও বেশি ঝুঁকি মোকাবিলা করতে হয়।
  • সাংগঠনিক সীমাবদ্ধতা: পদোন্নতি ও সুযোগ-সুবিধায় পুরুষ শান্তিরক্ষীদের প্রাধান্য থাকে।
  • নারী নেতৃত্বের অভাব: উচ্চ পদে নারীদের উপস্থিতি কম। উদাহরণস্বরূপ, লাইবেরিয়ায় কিরান লিঙ্গার্ড ও গোলান হাইটে মেজর জেনারেল আনিতা আসমা উল্লেখযোগ্য নারী নেতৃত্ব।
  • নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি: নারী শান্তিরক্ষীদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বেশি।
  • অবকাঠামোগত সীমাবদ্ধতা: পৃথক বাসস্থান ও স্যানিটারি সুবিধার ব্যবস্থা প্রশাসনিক জটিলতা সৃষ্টি করে।
  • পারিবারিক দূরত্ব ও মানসিক চাপ: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকায় মানসিক অবসাদ দেখা দেয়।
  • সামাজিক ও সাংস্কৃতিক বাধা: সদস্য প্রেরণকারী দেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা কাজে বাধা সৃষ্টি করে।

ভবিষ্যৎ সম্ভাবনা

শান্তিরক্ষা কার্যক্রমে নারী শান্তিরক্ষীদের অন্তর্ভুক্তি ও সক্রিয় অংশগ্রহণ এই কার্যক্রমকে বেগবান করেছে। বিগত ৩৫ বছরে নারী শান্তিরক্ষীরা সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছেন। নারীরা সংবেদনশীল বিষয়গুলো সহানুভূতি ও মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান করেন। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারী শান্তিরক্ষীদের ভূমিকা অপরিসীম। সাংস্কৃতিক, পারিপার্শ্বিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রশিক্ষণ, নীতিমালা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপসংহার

শান্তিরক্ষা বাহিনীতে নারী শান্তিরক্ষীদের অন্তর্ভুক্তি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। সংঘাতময় পরিস্থিতিতে সামরিক শক্তির পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি, সহমর্মিতা ও সামাজিক বন্ধন দৃঢ় করার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নারী শান্তিরক্ষীরা ব্লু হেলমেট পরিধান করে শান্তিরক্ষায় তাদের অবদানকে আরও সাফল্যমন্ডিত করছেন। বর্তমানে বিশ্বে ১১টি শান্তিরক্ষা মিশনে ৬০ হাজারের বেশি শান্তিরক্ষী মোতায়েন, যার প্রায় এক দশমাংশ নারী। নারী শান্তিরক্ষীরা পুরুষ শান্তিরক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নতুন মাইলফলক অতিক্রম করুক।

লে. কর্নেল সোফিয়া জেরিন তামান্না রহমান, এএফডাবলইউসি, পিএসসি, সিগস্: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন।