ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে ট্রাক চাকা মেরামতের সময় বাসের চাপায় বাবা-ছেলের মৃত্যু
ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় বাবা-ছেলের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় বাসের চাপায় নিহত হয়েছেন বাবা ও ছেলে। শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন– যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে সঙ্গে কাজ করতেন।

দুর্ঘটনার বিবরণ

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোর সাড়ে ৪টার দিকে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের উপর এক পাশে ট্রাকটি থামিয়ে চালক ইয়াকুব ও তার বাবা ইউসুফ আলী মিলে চাকা মেরামতের কাজ শুরু করছিলেন। এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত বাস পেছন দিক থেকে এসে তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ সময় রাস্তার ওপর বাবা-ছেলের মরদেহ ক্ষতবিক্ষত মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার পরবর্তী অবস্থা

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

পুলিশের বক্তব্য

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে ছেলে ট্রাকের ড্রাইভার এবং বাবা হেলপার ছিলেন। দুর্ঘটনায় জড়িত বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ