বরগুনায় প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
বরগুনায় প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই খোকন কর্মকার নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল ৫টার দিকে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মৃত খোকন কর্মকার তালতলী শহরের বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে তালতলী সরকারি কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্য থেকে ১১ জন করে খেলোয়াড় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য খেলোয়াড়রা তাকে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বক্তব্য

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাস সানি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বিবরণ

প্রত্যক্ষদর্শী মো. সোলায়মান বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়রা অনুশীলন করছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ

তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ