যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন ফিলাডেলফিয়া শহরে প্রচণ্ড গরমের সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস। সেই শহরেই প্যারাগুয়েকে আজ মুখোমুখি হতে হচ্ছে ফ্রান্সের মতো এক ঝড়ের। বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগ যে রকম খেলছে, তাকে ঝড় বলাই যায়। কিলিয়ান এমবাপ্পেকে ঠেকাতেই প্যারাগুয়ে রক্ষণের নাভিশ্বাস উঠে যাওয়ার কথা। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় গোল করে ফেলেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড, যা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সেই দুর্দান্ত এমবাপ্পের স্মৃতি ফিরিয়ে আনছে। প্রতিটি গোলে রেকর্ডবুকে লিখছেন নতুন কিছু, আর এই বিশ্বকাপে এমবাপ্পে জোড়া গোল ছাড়া করছেন না।
ফ্রান্সের আক্রমণ ত্রয়ী
শুধু এমবাপ্পেই শেষ নয়। আছেন উসমান দেম্বেলে, ব্যালন ডি’অরজয়ী ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে ফ্রান্সের হয়ে একমাত্র হ্যাটট্রিক তাঁর, গোল করেছেন চারটি। নিজের দিনে দেম্বেলে একাই গড়ে দিতে পারেন ব্যবধান। এই দুজনকে যদি কোনোভাবে সামলানো যায়, তবে আসবেন আরেকজন—এই বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে বড় আবিষ্কার মাইকেল ওলিসে। গোল করানোর দিকে তাঁর বেশি মনোযোগ, এখন পর্যন্ত অ্যাসিস্ট পাঁচটি। আর একটি করলেই ছুঁয়ে ফেলবেন এক বিশ্বকাপে পেলের ছয় অ্যাসিস্টের রেকর্ড। এমবাপ্পে-দেম্বেলে-ওলিসের ত্রয়ী যেন আঠারো শতকের বিখ্যাত ফরাসি চিত্রকর পল সেজান, ক্লদিও মোনে ও এদুয়ার্দ মানেকে স্মরণ করিয়ে দেয়।
প্যারাগুয়ের শক্তি
প্যারাগুয়ের তো এই ফ্রান্সের বিপক্ষে উড়েই যাওয়ার কথা। এই বিশ্বকাপে ফ্রান্স যাদের হারিয়েছে—সেনেগাল, নরওয়ে, সুইডেন—তাদের চেয়ে নিশ্চয়ই তারা বড় দল নয়। কিন্তু শেষ ১৬তে যেভাবে এসেছে প্যারাগুয়ে, সেটিই তাদের ওপর আলাদা চোখ রাখতে বাধ্য করছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে তারা পুরো ১২০ মিনিট রুখে দিয়ে জিতেছে টাইব্রেকারে; যে পরীক্ষায় অজেয় বলে জার্মানদের অহম ছিল। এই জয় প্যারাগুয়ের জন্য এতটাই বড় যে ম্যাচ জয়ের পর দেশে সরকারি ছুটিই ঘোষণা করা হয়েছে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাই জানেন, প্যারাগুয়ের এই দল কতটা বিপজ্জনক হতে পারে। তিনি বলেন, 'ওরা ভাগ্যের জোরে আসেনি। জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়েছে। ওদের মধ্যে দক্ষিণ আমেরিকার ডিএনএ আছে, যার অর্থ তাদের হারানো কঠিন হবে।'
প্যারাগুয়ের খেলার ধরন
প্যারাগুয়ের পরিচয়ই হলো আগে রক্ষণ সামলে পরে আক্রমণ করা, আর হারার আগে না হারা। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে তাদের চেয়ে কম গোল খেয়েছে শুধু ইকুয়েডর। বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে উড়ে গিয়েও তারা দারুণভাবে ফিরে এসেছে। দেশম বলেন, 'ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। ভালো দল না হলে শেষ ১৬ পর্যন্ত আসা সম্ভব নয়।' ফ্রান্সের আক্রমণের আরেক ভরসা ব্রাডলি বারকোলা বলেন, 'ওরা শেষ পর্যন্ত রক্ষণ করে যাবে। শারীরিকভাবেও আমাদের পরীক্ষা নেবে। ফ্রেঞ্চ লিগে এ ধরনের দলের বিপক্ষে আমাদের খেলতে হয়। জার্মানির বিপক্ষেই ওরা দেখিয়েছে যে ফুটবল খেলতে পারে।'
প্যারাগুয়ের আক্রমণ ও ইতিহাস
ফ্রেঞ্চ লিগে খেলার সুবাদে প্যারাগুয়ের আক্রমণের অন্যতম ভরসা হুলিও এনসিসো এবারের ফ্রান্স দলের অনেকের বিপক্ষেই খেলেছেন। তিনি বলেন, 'আমাদের নিজেদের খেলার একটা ধরন আছে। যে কারও জন্য আমরা কাজটা কঠিন করে ফেলতে পারি।' প্যারাগুয়ে কতটা কঠিন পরীক্ষা নেয়, তা ফ্রান্সের ভালোই জানা। বিশ্বকাপে দুই দেশের সর্বশেষ দেখা ১৯৯৮ বিশ্বকাপের এই শেষ ১৬তেই। সেই ম্যাচে প্যারাগুয়ের বজ্র আঁটুনি ভাঙতে ফ্রান্সের ভুগতে হয়েছিল অনেক। নির্ধারিত সময়ে গোল করতে না পারার পর শেষ পর্যন্ত লরা ব্লাঁর অতিরিক্ত সময়ের গোল্ডেন গোলে জিতে যায় ফ্রান্স। সেই দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ দেশম। প্যারাগুয়ে কতটা অনমনীয়, তা তাঁর চেয়ে ভালো আর কারও জানার নয়।
আবহাওয়া চ্যালেঞ্জ
ফ্রান্সের কাজটা আজ আরও কঠিন করে ফেলতে পারে বৈরী আবহাওয়া। ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে ফ্রান্সকে আজ প্রচুর ঘাম ঝরাতে হবে।



