নকআউট পর্বে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ব্রাজিল: আনচেলত্তি
নকআউটে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ব্রাজিল: আনচেলত্তি

গতকাল রাতে কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব। আজ জাপানের বিপক্ষে শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আনচেলত্তির প্রস্তুতি বার্তা

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নকআউট পর্বের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তাঁরা। তাঁর ভাষায়, ‘পুরো দলই মনোযোগী, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট—আমরা সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই।’

অভিজ্ঞতার ওপর ভরসা

ব্রাজিল দলের বেশির ভাগ ফুটবলারেরই ‘ফাইনাল’ খেলার অভিজ্ঞতা আছে। ক্লাব ফুটবলে নিয়মিত নকআউট ম্যাচ খেলেন তাঁরা। সেই আত্মবিশ্বাস বিশ্বকাপেও কাজে লাগাতে চান আনচেলত্তি। দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এ ধরনের বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিন্ত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিপক্ষ জাপানকে সমীহ

তবে জাপানকে হালকাভাবে নিচ্ছেন না ব্রাজিল কোচ। তাঁর কথায়, ‘জাপান এমন একটা দল, যাঁদের সম্মান করতে হবে, আমরা তা করবও।’ জাপান গ্রুপ পর্বে তিউনিসিয়াকে হারিয়ে, নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ৩২ দলের রাউন্ডে এসেছে।

ব্রাজিলের উন্নতি

ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস মনে করেন, শুরুটা ভালো না হলেও দল উন্নতি করছে। তিনি বলেন, ‘আমরা আমাদের সেরা ফর্মে ছিলাম না, তবে আমাদের খেলায় প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। টুর্নামেন্টের শুরুতে আমাদের যে অবস্থা ছিল, তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে আমরা এখন নকআউট পর্বে পা রাখছি।’ ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ