ব্রাজিলের কোচ সরে দাঁড়ালেও বাফুফের আক্ষেপ নেই
ব্রাজিলের কোচ সরে দাঁড়ালেও বাফুফের আক্ষেপ নেই

২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও মিকেলের নাম বাংলাদেশের কোচের তালিকায় ছিল। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার মাধ্যমে তিনি আগ্রহ দেখিয়েছিলেন। যদিও শেষ দিকে এসে তিনি নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবে দায়িত্বে আছেন। এমন হাইপ্রোফাইল কোচ চলে যাওয়াতে বাফুফের কোনও আক্ষেপ নেই।

রবিবার (১০ মে) ফর্টিস ডাউন টাউনে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “আপনারা ১৫ মের মধ্যে কোচের নামই পেয়ে যাবেন। শর্টলিস্টে আমাদের ১৩ জন ছিল। এখন ১৩ জনের থেকে একজন যদি চলে যায়, আমরা ১২ জনকে নিয়ে কাজ করবো। দুই জায়গায় দুইটা টিম যাবে— মালদ্বীপে একটা যাবে, সান মারিনোতে আরেকটা যাবে।”

সভা নিয়ে বাফুফের এই সদস্য বলেন, “আমরা আজ একটা ফলোআপ মিটিং করেছি। আমরা এই কয়েকদিন অনলাইনে কোচদের সঙ্গে কথা বলেছি। কথা বলে একটা শর্টলিস্ট করেছি, আর কিছু না। আপনারা ১৫ তারিখের মধ্যে কোচের নামই পেয়ে যাবেন।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুইটা টিম করবো এবং দুই জায়গায় দু’টি টিম যাবে— মালদ্বীপে একটা যাবে, সান মারিনোতে আরেকটা যাবে। এটা তো আপনাদের আমরা বলেছি এবং এটাই হবে। ১৫ তারিখের মধ্যে আমরা কোচ ফাইনাল করবো এবং এই ফাইনাল করার জন্যই প্রেসিডেন্ট আজ এখানে বসেছিলেন। আমরা একটা আলাপ-আলোচনা করেছি, যত তাড়াতাড়ি পারা যায় আপনাদের কাছে নামটা আমরা দিয়ে দেবো।”

ব্রাজিলের কোচ প্রসঙ্গে বাবু বলেন, “একজন কোচ ব্রাজিলের ক্লাবে জয়েনও করে ফেলেছেন। যিনি আলোচনায় ছিলেন তাকে নিয়েও আলোচনা হয়েছে। আক্ষেপের কিছু নেই। আমাদের এখানে অনেকেই (আবেদন) করেছেন। শর্টলিস্টে আমাদের ১৩ জন ছিল, এখন ১৩ জনের থেকে একজন যদি চলে যায় আমরা ১২ জনকে নিয়ে কাজ করবো।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ