স্টেডিয়ামে ভয়াবহ আগুন, ম্যাচ বন্ধ করে সরিয়ে নেওয়া হল দর্শকদের
স্টেডিয়ামে ভয়াবহ আগুন, ম্যাচ বন্ধ করে সরানো হল দর্শক

সুইডেনের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্টকহোমের ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ‘স্ট্রবেরি অ্যারেনা’য় এ দুর্ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়লে পুরো স্টেডিয়াম দ্রুত খালি করে দেওয়া হয়।

ম্যাচের মাঝপথে আগুন

সুইডিশ লিগ ‘অলসভেনস্কান’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল এআইকে এবং জুরগারডেন্স। ম্যাচের শুরুতেই জুরগারডেন্স ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় স্টেডিয়ামে আগুনের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারি ও মাঠের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এআইকে ক্লাবের নিরাপত্তা প্রধান হেনরিক কোচ নিশ্চিত করেছেন, আগুনে কেউ হতাহত হননি। তিনি বলেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কেউ আহত হননি’। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় খেলা শুরু হলে জুরগারডেন্স ৪-২ গোলে জয়লাভ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জার্মান ক্লাবের টয়লেটে লাশ উদ্ধার

এদিকে জার্মানির ফুটবল ক্লাব এফসি শালকে এক শোকাবহ ঘটনার কথা জানিয়েছে। ক্লাবের ভেল্টিনস-অ্যারেনা স্টেডিয়ামের শৌচাগার থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় এক পরিচ্ছন্নতাকর্মী ওই ব্যক্তিকে টয়লেটের ভেতরে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, গত বুধবার স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেও পরদিন ছাড়া কেউ বিষয়টি টের পাননি।

প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর কেন কেউ ওই ব্যক্তির অনুপস্থিতি খেয়াল করল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত ব্যক্তি গেলসেনকির্খেনের স্থানীয় বাসিন্দা ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এক বিবৃতিতে শালকে কর্তৃপক্ষ জানায়, ‘স্টেডিয়ামের শৌচাগারে মরদেহ উদ্ধারের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং ক্লাব কর্তৃপক্ষ তদন্তে পূর্ণ সহযোগিতা দিচ্ছে’।