বসুন্ধরা কিংসের জয়রথ অব্যাহত, ব্রাজিলিয়ান তারকা দোরিয়েলতনের গোলে জয়
বসুন্ধরা কিংসের জয়রথ অব্যাহত, দোরিয়েলতনের গোলে জয়

বাংলাদেশ ফুটবল লিগে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জিতেই চলেছে। আবারও দলের ত্রাতা হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন। তারই দেওয়া একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে কিংস। অন্যম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ৩-১ গোলে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে।

কিংস অ্যারেনায় স্বাগতিকদের জয়

কিংস অ্যারেনাতে স্বাগতিকরা আজও এক বিদেশি নিয়ে খেলেছে। পারিশ্রমিক না পাওয়ায় বিদেশিরা ধর্মঘটে আছে বলে খবর চাউর আছে। একমাত্র দোরিয়েলতন পারিশ্রমিক পেয়ে খেলছেন। গোলও করেছেন তিনি। ২২ মিনিটে দোরিয়েলতন দারুণ এক প্লেসিং থেকে গোল করেন। ডান প্রান্ত থেকে সাদের ক্রসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৬ গজের মধ্যে থেকে ফাঁকায় শুধু পা ছুঁইয়ে দেন।

মোহামেডানের জয়যাত্রা

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডান ৩-১ গোলে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবকে হারিয়েছে। কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত আব্দুল কাইয়ুম সেন্টু ভালোই চালিয়ে নিচ্ছেন। তার অধীনে সাদা-কালোরা কোনও ম্যাচ হারেনি। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছে। মোহাম্মদ জুয়েল ১৮ মিনিটে প্রথম গোল করে সাদা-কালোদের এগিয়ে নেন। ৮৫ মিনিটে রাশিয়ার মারাত তারেক গোল করে সমতায় ফেরান। ৮৯ মিনিটে মোহামেডান আবারও এগিয়ে যায়। পেনাল্টি থেকে মুজাফফরভ গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান। যোগ করা সময়ে মোহামেডান তৃতীয় গোল করে পিডাব্লিউডির হার সুনিশ্চিত করে। রাফায়েল টুডু একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দারুণভাবে ফিনিশিং করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পয়েন্ট টেবিলের অবস্থান

১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে কিংস। ব্রাদার্স ইউনিয়ন এক ম্যাচ কম খেলে সপ্তম হারে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। মোহামেডান ১৪ ম্যাচে চতুর্থ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। পিডাব্লিউডি সমান ম্যাচে আগের ১৩ পয়েন্টে রেলিগেশন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে। অন্যম্যাচে, পুলিশ ক্লাব ৩-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে।