পুরান ঢাকায় বিশ্বকাপের আমেজে সেজেছে ‘ফিফা গলি’
পুরান ঢাকার স্বামীবাগের কে এম দাস লেনের দেয়ালে ফুটে উঠেছে বিশ্বসেরা ফুটবল তারকাদের মুখচ্ছবি। এলাকার তরুণ শিল্পীদের তুলির আঁচড়ে এই গলি এখন যেন ছোট্ট এক ফুটবল রাজ্যে পরিণত হয়েছে। ‘ফিফা গলি’ নামে পরিচিত এই গলিতে বিশ্বকাপের আবহ তৈরি করতে রংতুলির ব্যবহার করা হয়েছে নানা রঙে।
মেসি, নেইমার ও রোনালদোর ছবি
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির ছবি দেখা যায়, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর তিনি ট্রফিতে চুমু খাচ্ছেন। ব্রাজিলের তারকা নেইমারও স্থান পেয়েছেন দেয়ালে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছবির সামনে কিশোরেরা ফুটবল খেলায় মেতে ওঠে। বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দেশের ফুটবলের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরীও দেয়ালে জায়গা করে নিয়েছেন। ইংলিশ ফুটবল লিগে খেলা হামজাকে নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
নারী ফুটবলের গৌরবগাথা
বাংলাদেশের নারী ফুটবল দলের সাফজয়ী সদস্যদের নাম ও জার্সি নম্বর রঙিন করেছে দেয়াল। তাদের উজ্জ্বলতা ও গৌরবগাথা ফুটে উঠেছে ‘ফিফা গলি’তে। এই আয়োজনে বিশ্বকাপের অপেক্ষা আর প্রিয় দলকে ঘিরে স্বপ্ন সব মিলিয়ে উচ্ছ্বসিত ‘ফিফা গলি’।



