টানা দু'বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এখন হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। শনিবার (৬ জুন) ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। হ্যাটট্রিক শিরোপা জয়ের এমন সুযোগ হাতছাড়া করতে চান না বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্দা।
অধিনায়কের আত্মবিশ্বাস
গত দুই চ্যাম্পিয়ন দলেও ছিলেন মারিয়া মান্দা। এবার তার নেতৃত্বে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। শুক্রবার (৫ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, 'আমাদের টিমের সব প্লেয়ার ফিট আছে। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও আমরা জয় পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ফাইনালে মানসিকভাবে দারুণ উজ্জীবিত।'
মারিয়া মান্দা আরও বলেন, 'ক্যাপ্টেন এবং প্লেয়ার হিসেবে, মনের ভেতর এই সুযোগটা কাজে লাগানোর তাগিদ কাজ করছে। টানা তৃতীয়বারের মতো সুযোগ এসেছে, এমন সুযোগ সবসময় আসে না। দেশবাসীকে একটি ভালো খেলা উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবো।'
চাপ নিয়ে ভাবনা
স্বাগতিক ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে হবে বাংলাদেশকে। গ্যালারি থেকে দর্শক চাপও থাকবে। তবে তা নিয়ে চিন্তিত নন মারিয়া মান্দা। তিনি বলেন, 'বিগত সাফে আমরা যখন নেপালে খেলেছিলাম, তখনও সেখানে প্রচুর দর্শক এবং অনেক চাপ ছিল। আমরা সেগুলো ফেস করে চ্যাম্পিয়ন হয়েছি। তাই দর্শক বা বাইরের কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি ভারত শক্তিশালী দল, তবে আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্যই প্রস্তুত হয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা আমাদের আছে।'
কোচের মতামত
শিরোপা জিততে মুখিয়ে আছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। তিনি বলেন, 'প্রতিযোগিতামূলক ফুটবলে সবসময় সুন্দর ফুটবল খেলাটা মুখ্য নয়, আসল বিষয় হলো জয় নিয়ে মাঠ ছাড়া। আমি ৪০ বছরের বেশি সময় ধরে এই পেশায় আছি এবং নিশ্চিত করে বলতে পারি, সেরা দলগুলো শিরোপা জয়ের পথে সেমিফাইনাল বা ফাইনালে সবসময় দারুণ ফুটবল খেলে না। আসল বিষয় হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনা।'



