ডুলি বাংলাদেশ ফুটবলের জন্য ভালো অর্জন: ফাহাদ করিম
ডুলি বাংলাদেশ ফুটবলের জন্য ভালো অর্জন: ফাহাদ করিম

অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলি। আজ সকালে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ফেসবুক পোস্টের মাধ্যমে।

ডুলির উজ্জ্বল ক্যারিয়ার

বিশ্ব ফুটবলে ৪৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডুলির ক্যারিয়ার যথেষ্টই উজ্জ্বল। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৪ সালে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দলের সদস্য ছিলেন, আর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে বহন করেছেন অধিনায়কের আর্মব্যান্ড। ইউরোপিয়ান লিগেও দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

কোচিং ক্যারিয়ারেও তিনি কম যাননি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এরপর ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে গেছেন এবং দলটির ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং অর্জন করিয়েছেন। সবশেষ গায়ানার কোচ হিসেবে চারটি ম্যাচের সবকটিতেই জয় এনেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফাহাদ করিমের প্রতিক্রিয়া

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এই নিয়োগকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, ‘এক্স ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, দুটি জাতীয় দলের কোচ, ইউরোপিয়ান লিগে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ক্লিন্সম্যানের মতো কোচের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ… এ ধরনের একজন কোচ বাংলাদেশের হেড কোচ হিসেবে এসেছেন, আমি বিশ্বাস করি ইটস এ গুড এচিভমেন্ট অর গুড স্টেপ ফর দা প্রেজেন্ট বাংলাদেশ ফুটবল।’

তবে তিনি এটাও স্পষ্ট করেন যে ফেডারেশনের প্রত্যাশা পূরণ না হলে চুক্তি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী পরিকল্পনা

আগামী রোববার থমাস ডুলির অধীনে প্রথম অনুশীলনে নামবে বাংলাদেশ দল। ডাগআউটে তার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি হবে আগামী মাসে। ৫ জুন সান মারিনোর মাটিতে প্রীতি ম্যাচে।