ফাহাদ রহমানের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন
ফাহাদ রহমানের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ এর গ্র্যান্ডমাস্টার ইভেন্টে ৯ খেলার একটিতে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করেছেন। এটি তার দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের নর্ম। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা থেকে তিনি প্রথম গ্র্যান্ডমাস্টারের নর্ম করেন। এবারেরটি মিলিয়ে তার ১৮ খেলায় দুটি নর্ম অর্জন হয়েছে। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তার আরও একটি ৯ খেলায় নর্ম এবং রেটিং ২৫০০ করা প্রয়োজন হবে।

চ্যাম্পিয়ন হওয়ার গৌরব

গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। বুধবার (২০ মে) অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

অষ্টম রাউন্ডের খেলা

স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৪) ইরানের ২৪৫৩ রেটিং প্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজাকে হারান। অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ৫৯ চালে জয়ী হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নবম রাউন্ডের খেলা

স্থানীয় সময় বিকালে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের সাথে ড্র করেন। শেষ খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার গাইওজের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ১০ চালের মাথায় ড্র করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর্থিক পৃষ্ঠপোষকতা

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাকিজা গ্রুপ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে। পাকিজা গ্রুপ তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্পূর্ণ ব্যয় বহন করেছে।

প্রতিযোগিতার বিবরণ

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।