তামিম ইকবাল পেলেন এমসিসির আজীবন সম্মানসূচক সদস্যপদ
তামিম ইকবাল পেলেন এমসিসির আজীবন সদস্যপদ

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সভাপতি তামিম ইকবাল মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন। আজ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডের সামনে তাঁর হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়।

পাঁচ নতুন সদস্য

এমসিসির এক বিবৃতিতে জানানো হয়, তামিমসহ পাঁচজনকে নতুন করে এমসিসির আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অন্য চারজন হলেন ভারতের চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুজি বেটস ও সফি ডেভেন এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স।

এমসিসির প্রধান নির্বাহীর বক্তব্য

এমসিসির প্রধান নির্বাহী ও সেক্রেটারি রব লসন তাঁদের স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমাদের নতুন আজীবন সম্মানিত সদস্য হিসেবে পাঁচজন অসামান্য ক্রিকেটারকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের এমসিসি সদস্যদের ইতিহাস

বাংলাদেশ থেকে প্রথম এমসিসির সদস্যপদ পেয়েছিলেন বিসিবির প্রয়াত সহসভাপতি রাইসউদ্দিন আহমেদ। এরপর ২০০৩ সালে সদস্যপদ পান বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ২০২৩ সালে এমসিসির আজীবন সদস্যপদ পান জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই অভিজাত তালিকায় এবার যুক্ত হলো তামিমের নাম।

এ ছাড়া ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালের অক্টোবরে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর সে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

তামিমের ক্রিকেট ক্যারিয়ার

২০০৮ সালে টেস্ট অভিষেক হয় তামিমের। ৭০টি টেস্ট খেলে ৩৮.৮৯ গড়ে ১০ সেঞ্চুরিতে ৫১৩৪ রান তাঁর। এ ছাড়া বাংলাদেশের হয়ে তিনি ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি–টুয়েন্টি ম্যাচ খেলেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লর্ডসে অনার্স বোর্ডে নাম

২০১০ সালে লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তোলা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তামিম। একই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন পেসার শাহাদাত হোসেনও।

এমসিসি সম্পর্কে

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা। ১৮ হাজার ৩৫০ জন পূর্ণ ও ৬ হাজার সহযোগী সদস্য আছে তাদের। ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারও এমসিসি।