জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে পিএসএলের আগামী দুটি সংস্করণে তিনি খেলতে পারবেন না। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চুক্তি ভঙ্গের অভিযোগে তদন্ত ও শাস্তি
আইপিএল ও পিএসএলের নিলামে অবিক্রীত ছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। পরে তাঁকে ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের বদলি হিসেবে সরাসরি সই করায় পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু মুজারাবানি এরপর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে ডাক পাওয়ায় পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নেন। গত ১৩ মার্চ তাঁকে সই করানোর বিষয়টি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দলে তাঁর শূন্যতা পূরণে মুজারাবানিকে অর্ন্তভুক্ত করে কলকাতা। জিম্বাবুয়ে তারকা আইপিএলে যোগ দেওয়ার পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছিল, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি।
অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রেও শাস্তির সম্ভাবনা
দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশও গত মৌসুমে মুজারাবানির মতো শাস্তি পেয়েছিলেন। মৌসুম শুরুর আগে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় তাঁকে এক বছর নিষিদ্ধ করেছিল পিসিবি। অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাও আইপিএলে খেলতে এবারের পিএসএল থেকে নিজেদের সরিয়ে নেন।
লাহোর কালান্দার্স ছেড়ে শানাকা যোগ দেন রাজস্থান রয়্যালসে এবং কোয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেন জনসন। তবে তাঁদের নিষিদ্ধ করার কোনো ঘোষণা এখনো দেয়নি পিএসএল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, মুজারাবানি ও করবিন বশের মতো শানাকা ও জনসনকেও একই ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।
মুজারাবানির আইপিএল পারফরম্যান্স
আইপিএলে এরই মধ্যে কলকাতার হয়ে দুটি ম্যাচ খেলেছেন মুজারাবানি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৪ রানে উইকেটশূন্য থাকলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরের ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নেন। মুজারাবানির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখে শৃঙ্খলামূলক কমিটির তদন্ত শেষে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।



