বার্সেলোনার জয়ে জোড়া গোল ফেরান তোরেসের, রিয়ালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে
লা লিগার কাতালান ডার্বিতে আজ বার্সেলোনা এসপানিওলকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে। ঘরের মাঠে ফেরান তোরেসের জোড়া গোলে ২৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। ৫৬ মিনিটে এসপানিওল একটি গোল শোধ করে চাপে রাখে স্বাগতিকদের। তবে ৮৭ ও ৮৯ মিনিটে লামিনে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ডের গোলে ৪-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে বার্সা।
লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন উজ্জ্বল
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ফুলহামকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে অবস্থান শক্ত করেছে। ৩৬ মিনিটে তরুণ রিও এনগুমোহা বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন। ৪ মিনিট পর ডান প্রান্ত থেকে গোল করেন বিদায়ী মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ।
বায়ার্ন মিউনিখের গোলের নতুন ইতিহাস
বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ সেন্ট পাউলিকে ৫-০ গোলে হারিয়ে ৫৪ বছরের পুরোনো গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। ম্যাচের ৫৩ মিনিটে লিওন গোরেৎস্কার করা গোলটি চলতি মৌসুমে দলটির গোলের সংখ্যা নিয়ে গেছে ১০২-এ। ১৯৭১-৭২ মৌসুমে আগের রেকর্ড ১০১টি গোল করেছিল বায়ার্ন, যা ৫৪ বছর টিকে ছিল।
জামাল মুসিয়ালার গোলে ৯ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ৫৩ মিনিটে রেকর্ড ভাঙা গোলটি করেন গোরেৎস্কা। তিন মিনিট পর ব্যবধানটা ৩-০ করেন মাইকেল ওলিসে। ৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন নিকোলাস জ্যাকসন। ৮৮ মিনিটে শেষ গোলটি রাফায়েল গেরেইরোর।
২৯ ম্যাচের ২৪টিতেই জেতা বায়ার্নের পয়েন্ট ৭৬। আজই লেভারকুসেনের কাছে হেরে যাওয়া ডর্টমুন্ড দুইয়ে ৬৪ পয়েন্ট নিয়ে।



