এশিয়ান কাপে বাংলাদেশের গোলপোস্টের নিচে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন মিলি আক্তার। তবে সেই অদম্য গোলকিপারকে নিয়ে দুশ্চিন্তা যেন কাটছেই না। ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের আগে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে থাইল্যান্ডে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দলের মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিলির হাতের চোট, যার ফলে তিনি এখনো পুরোদমে অনুশীলনে ফিরতে পারেননি।
থাইল্যান্ডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প
গত এপ্রিলের শুরুর দিকে অনুশীলনের সময় ডান হাতের তালুতে গুরুতর আঘাত পান মিলি। তিনটি সেলাই লেগেছিল। একজন গোলকিপারের জন্য হাতের তালু ও কবজি সবচেয়ে সংবেদনশীল অংশ। সেখানেই আঘাত লাগায় কোচিং স্টাফদের পুরো পরিকল্পনা ওলট-পালট হয়ে গেছে। বেশ কিছুদিন আগে সেলাই কাটা হয়েছে, তবু মিলি এখনো মাঠে শতভাগ ফিট নন। অনুশীলনে ঘাম ঝরালেও বল গ্রিপিং বা ফিস্ট করার মতো 'বল ওয়ার্ক' এখনো শুরু করতে পারছেন না তিনি। গোলকিপিংয়ের জন্য প্রয়োজনীয় রিফ্লেক্স ও আত্মবিশ্বাস ফিরে পেতে যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আগামীকাল থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মেয়েরা
থাইল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় গোলকিপার কোচ মাসুদ আহমেদ অবশ্য মিলির চোটের সর্বশেষ অবস্থা নিয়ে কিছুটা আশার বাণীই শুনিয়েছেন। তিনি বলেন, 'মিলি হাতের চোট থেকে সেরে উঠছে। তবে এখনো তাকে নিয়ে বল ওয়ার্ক করার মতো অবস্থা হয়নি। আশা করছি, আরও দুদিন পর অনুশীলেন তাকে নিয়ে কাজ শুরু করতে পারব।' মিলির অনুপস্থিতিতে আগামীকাল থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পালন করতে পারেন স্বর্ণা রানী বা রুপনা আক্তার।



