১০ ওভার আর ২০ রান এদিক ওদিকে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান রীতিমতো ধুঁকছিল। আর একটা উইকেট দলটাকে ব্যাকফুটে ঠেলে দিতে পারত। সেই উইকেটের দেখা পেয়েও হারাতে হয়েছে বাংলাদেশকে। ০ রানেই যে জুটি ভেঙে যাচ্ছিল, সেই জুটিই শেষমেশ ১১৯ রান তুলে উল্টো স্বাগতিকদের ফেলে দিয়েছে বিপদে।
সালমান আলী আগা আর মোহাম্মদ রিজওয়ানের জুটি ষষ্ঠ উইকেটে যোগ করেছে এই বিশাল রান। তবে এই জুটি অঙ্কুরেই শেষ হয়ে যেতে পারত। তাসকিন আহমেদের বলে সালমান উইকেটের পেছনে ক্যাচ দেন। উচ্ছ্বাসে ভেসেছিল বাংলাদেশ। কিন্তু পরে জানা গেল, সেটি নো-বল। ১৩ বলে রানের খাতা না খোলা সালমান বেঁচে যান।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে সালমান ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েন। দুজনেই পেয়ে যান ফিফটির দেখা। যা পাকিস্তানকে লিড নেওয়ার আরও কাছে নিয়ে যায়।
রিজওয়ান তাইজুলকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন মিড অফে। তাতে ১১৯ রানের জুটি শেষ হয় পাকিস্তানের। রিজওয়ানের বিদায়ের ঠিক পরই খেলা বন্ধ করতে হয়েছে। কারণ মিরপুরে বৃষ্টি নেমেছে এরপরই। নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ডাকা হয়। তবে সময় পেরিয়ে গেলেও বৃষ্টির জন্য খেলা আর শুরু করা যায়নি।



